মানবতাবিরোধী অপরাধের বিচার
বাবা বেঁচে গেলেও মামা সেনাদের হাতে মারা যান : জবানবন্দিতে সাক্ষী রতীশ ভৌমিক
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী রতীশ চন্দ্র ভৌমিক৷ জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে পাকিস্তানি সেনা ও সহযোগীদের হাত থেকে তাঁর বাবা বেঁচে গেলেও তাঁর মামা মারা যান৷
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রতীশ চন্দ্র জবানবন্দি দেন৷ জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাবা দীনেশ চন্দ্র ভৌমিক হোমিওপ্যাথি চিকিৎসক এবং রংপুরে আওয়ামী কৃষক লীগের সভাপতি ছিলেন৷ তিনি মন্টু ডাক্তার নামে পরিচিত ছিলেন৷ পাকিস্তানি সেনা ও তাদের স্থানীয় সহযোগীরা একাত্তরের ২৭ মার্চ রংপুর কোতোয়ালি থানার বাবুপুরায় তাঁদের বাড়ি ঘিরে ফেলে৷ সেনারা জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে এবং খুলতে বলে৷ তাঁর বাবা দরজা খুললে পাকিস্তানি সেনারা তাঁর বাবা ও মামা শান্তি চাকীকে একটি জিপে করে রংপুর সেনানিবাসের একটি ঘরে নিয়ে আটকে রাখে৷ ওই ঘরে আরও নয়জন আটক ছিলেন, তাঁদের মধ্যে ছিলেন রংপুরের পরিচিত ব্যক্তি দুর্গাদাস অধিকারী ও তাঁর ছেলে উত্তম অধিকারী, আয়কর আইনজীবী মাহফুজ আলী জরগেস৷ ১৩ এপ্রিল পর্যন্ত প্রতি রাতে আটক ব্যক্তিদের নির্যাতন করা হতো৷
জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের এই সাক্ষী আরও বলেন, পাকিস্তানি সেনা, আজহারুলসহ তাদের স্থানীয় সহযোগীরা একাত্তরের ১৪ এপ্রিল রাত আড়াইটার দিকে তাঁর বাবা, মামাসহ আটক সবার হাত ও পা দড়িতে বেঁধে দখিগঞ্জ শ্মশানে নিয়ে যায়৷ সেখানে আটক ব্যক্তিদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়৷ তাঁর বাবা একটি পিলারের পেছনে থাকায় এবং গুলি চালানোর সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যাওয়ায় তাঁর গায়ে গুলি লাগেনি৷ কিন্তু সেনারা আটক ব্যক্তিদের মৃত্যু নিশ্চিত করতে আরেকবার গুলি চালায়৷ এবার জরগেসের শরীরে আটটি এবং তাঁর বাবার বাঁ পায়ে গুলি লাগে৷ ওই স্থানে তাঁর বাবা ছাড়া বাকি সবাই মারা যান৷ পাকিস্তানি সেনারা চলে গেলে তাঁর বাবা এক প্রতিবেশীর কাছে প্রাথমিক চিকিৎসা শেষে ভারতে চলে যান৷ তিনি ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনা জানতে পেরে ভারতে গিয়ে বাবার সঙ্গে দেখা করেন৷
জবানবন্দি শেষে রতীশ চন্দ্র ভৌমিককে আসামিপক্ষের জেরার জন্য আজ সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল৷