বাবা-বোনকে দেখতে চায় সুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুমির বয়স নয় বছর। ২০০৭ সালের সিডরের পর মাত্র চার বছর বয়সে সুমিকে ঢাকার বাসিন্দা এক দম্পতির কাছে দিয়ে দেন ওর সৎমা। কিন্তু সেখানে বেশি দিন থাকতে পারেনি সুমি। ওই বাড়ির লোকজন তাকে মারধর করায় সেখান থেকে পালিয়ে সুমি চলে যায় ঢাকার সদরঘাটে। একটি লঞ্চে উঠে যায় সে। রাতে ঢাকা থেকে গলাচিপাগামী লঞ্চের ডেকে দাঁড়িয়ে ছোট্ট সুমিকে কাঁদতে দেখেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ঘোড়াবালা গ্রামের গৃহবধূ শাহিনুর বেগম। সবকিছু জেনে তিনি সুমিকে সঙ্গে করে নিয়ে যান তাঁর বাড়িতে।শাহিনুরেরও অভাবের সংসার। তাই একসময় বরিশালের এক দম্পতির কাছে দিয়ে দেন সুমিকে। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই সুমি পালিয়ে আবার শাহিনুরের কাছে চলে আসে। এর পর দীর্ঘদিন শাহিনুরের বাড়িতেই সুমির আশ্রয় হয়। গত বছরের নভেম্বর মাসে শাহিনুরের মা লালভানু বিবি সুমিকে গলাচিপা পৌরসভার সামুদাবাদ সড়কের বাসিন্দা মো. শাহনেওয়াজ শরীফের বাসায় দিয়ে দেন। শাহনেওয়াজ শরীফ গলাচিপা উপজেলা রিসোর্স সেন্টারে চাকরি করেন। সুমি এখন শাহনেওয়াজ শরীফের পরিবারের সদস্য হয়েই আছে।গত মঙ্গলবার রাতে কথা হয় সুমির সঙ্গে—জানায়, তার বাবার নাম আবদুল মন্নান। মায়ের নাম রশনা বিবি। তার বাবার বাড়ি ভোলার চরফ্যাশনের লেতরা (রসুলপুর ইউনিয়ন) এলাকায়। মা রশনা বিবি মারা যাওয়ার পর তার বাবা আবার বিয়ে করেন। তার সৎমায়ের নাম কুলসুম বেগম। কুলসুম বেগমের গালে আগুনে পোড়ার দাগ আছে। সুমিকে ঢাকায় দেওয়ার কিছুদিন আগে তার ছোট বোন রুবিকেও অন্য এক ব্যক্তির কাছে দিয়ে দেওয়া হয়। তার কথায়, ‘আমার বুইনেরে বেইচ্চা দিছে। আর সিডর বইন্যার পরে আমারে ঢাকায় দিয়া দ্যায় হতি মায় (সৎমা)। ঢাকায় হ্যারা আমারে মাইর দিত। হেল্লাইগ্যা (সে কারণে) আমি পলাইছি (পালিয়েছি)।’বাবার কাছে যেতে ইচ্ছে করে কি না জানতে চাইলে সুমি বলে, ‘আমি এই হানেই থাকমু। তয় (তবে) রুবিরে (ছোট বোন) আর বাবারে একবার দ্যাখতে মন চায়।’শাহনেওয়াজ শরীফ জানান, তিনি সুমির বাবার খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তাঁকে পাননি। সুমিকে গলাচিপা সামদানিয়া তালিমুল কুরআন মাদরাসায় ভর্তি করে দেওয়া হয়েছে। ও নিয়মিত পড়াশোনা করছে।