বাবা-মা ও তিন ভাইবোনকে একসঙ্গে দাহ করেন পরান

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যখন বিজয়ের আনন্দ উদ্যাপন করছিল দেশের মানুষ, তখন পরান ধন চাকমা তাঁর মা-বাবা ও তিন ভাইবোনকে এক সঙ্গে চিতায় তুলে দাহ করছিলেন। বিজয়ের দিনটি তাই পরানের রক্তক্ষরণের দিন। ৪৪ বছর ধরে এই শোক বয়ে বেড়াচ্ছেন রাঙামাটির নানিয়ারচরের ৭০ বছর বয়স্ক এই প্রৌঢ়।
সম্প্রতি রাঙামাটি মুক্ত দিবসের ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে রাঙামাটির স্থানীয় মুক্তিযোদ্ধারা পরানের কথা জানান। খোঁজ নিয়ে জানা যায়, পরান এখন থাকেন নানিয়ারচর উপজেলার ভূঁইয়ো আদাম গ্রামে।
রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক ধরে দশ কিলোমিটার গেলে ভূঁইয়ো আদাম বাজার। সেখান থেকে মেঠোপথ ধরে ১০ মিনিট হাঁটলে ছোট টিলার ওপর বাঁশের তৈরি ছাপড়া ঘরে থাকেন পরান, তাঁর স্ত্রী, ছেলে, ছেলের বউ ও তাঁর সন্তানেরা। ১০ ডিসেম্বর সকালে তাঁর বাড়িতে পৌঁছালে তিনি স্বাগত জানান। এরপর সেদিনকার ঘটনার বিবরণ তুলে ধরেন।
বিজয়ের ঠিক এক দিন আগে ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর পাকিস্তানি সেনাদের ছোড়া গোলা এসে পড়ে তাঁদের নানিয়ারচরের হাজাছড়া গ্রামের বাড়িতে। বাড়িতে তখন তাঁর বাবা-মা, ভাইবোন, পড়শিসহ ১১ জন অবস্থান করছিলেন। তাঁদের সবাই সেদিন নিহত হন। যাঁদের মধ্যে ছিলেন পরান ধন চাকমার বাবা দুধহিয়ে চাকমা, মা, তিন ভাইবোনসহ ১১ ব্যক্তি। পরদিন ১৬ ডিসেম্বর পরান ধন একসঙ্গে বাবা মা ও তিন ভাইবোনকে দাহ করেছেন।
ঘটনাটা শোনা যাক পরানের নিজের মুখ থেকেই। তিনি বলেন, ‘তখন আমি সদ্য বিবাহিত। স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম হাজাছড়ার বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কাউখালী উপজেলার কজইছড়ি গ্রামের শ্বশুরবাড়িতে। ১৫ ডিসেম্বর সকালে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলা এসে পড়ে আমাদের বাড়িতে। খবর পেয়ে ওই দিন বিকেলে চলে আসি। জানতে পারি, আমার সবচেয়ে ছোট বোনটি মায়ের কোলে দুধপান করা অবস্থায় মারা গেছে। বাবা-মা, তিন ভাইবোন কেউই বেঁচে নেই। বাড়িতে সে সময় ১১ জন অবস্থান করছিলেন। তাঁরা সবাই মার গেছেন। এলাকাবাসী কোনোমতে লাশগুলো মাটিচাপা দিয়েছিলেন। ১৬ ডিসেম্বর মাটি খুঁড়ে লাশ তুলে ধর্মীয় রীতিতে দাহ করি। পরে ওই গ্রাম ছেড়ে এখানে স্থায়ীভাবে বসবাস করছি।’
ঘটনার সাক্ষী নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূঁইয়ো আদাম গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সহকারী প্রাথমিক শিক্ষক চন্দ্র বিহারি চাকমা (৬৫) প্রথম আলোকে বলেন, ‘১৯৭১ সালের ১৫ ডিসেম্বর। সকাল আটটার দিকে হঠাৎ কয়েকটি হেলিকপ্টার আসা শুরু করে। হেলিকপ্টার থেকে চোংড়াছড়ি মোনের (পাহাড়) পাশের মাঠে মুক্তিবাহিনীরা নামতে থাকে। এ সময় কুতুকছড়ি বাজারে অবস্থানরত পাকিস্তানি সেনারা গোলা ছুড়তে শুরু করে। পাশের হাজাছড়া ও ভূঁইয়ো আদাম গ্রামের লোকজন জঙ্গলের দিকে পালাতে থাকে। সাড়ে আটটা কি পৌনে নয়টার দিকে হঠাৎ একটি গোলা এসে পড়ে দুধহিয়ে চাকমার বাড়িতে। বাড়িটি ছিল একটি উঁচু টিলায়। আমরা কয়েকজন যুবক সেখানে গিয়ে দেখি, দুধহিয়ে চাকমার বাড়িটি ছিন্নভিন্ন হয়ে গেছে। একটু কাছে গিয়ে দেখি কয়েকজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কিছুক্ষণের মধ্যে সবার দেহ নিথর হয়ে যায়। গুণে দেখি নারী-শিশুসহ ১১ জনের লাশ। এ অবস্থায় কী করা যায় আমরা চিন্তা করি। তখন টিলার নিচে সামান্য আড়ালে মাটি খুঁড়ে ওই ১১ জনের লাশ চাপা দিয়ে সেখান থেকে চলে যাই।’
সেদিনকার যুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) মনীষ দেওয়ান বলেন, ‘ঘটনার দিন ওই এলাকায় অবস্থানরত পাকিস্তানি বাহিনীর ক্যাম্প আক্রমণের জন্য সকালে তিনটি হেলিকপ্টার ভারতের দেমাগ্রি থেকে কয়েক পালায় আমাদের নয়জন মুক্তিযোদ্ধা এবং দুই শতাধিক বিশেষ প্রশিক্ষিত তিব্বতি সেনাকে হাজাছড়ি গ্রামে নামিয়ে দেয়।’
মনীষ দেওয়ান বলেন, ‘কুতুকছড়ি বাজারের পাশের একটি পাহাড়ে অবস্থানরত পাকিস্তানি বাহিনী আমাদের হেলিকপ্টার লক্ষ্য করে গোলা ছোড়া শুরু করে। তার একটি গোলা হাজাছড়ি গ্রামের ওই বাড়িতে এসে পড়লে ১১ জনের করুণ মৃত্যু হয়। ঘটনাটি খবর পেলেও আমাদের করার কিছুই ছিল না। তখন হানাদারদের সঙ্গে যুদ্ধ চলছিল।’
ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর জীবন চাকমা বলেন, ‘ওই সময় আমি ছোট ছিলাম। আমরাও জঙ্গলে পালিয়ে গিয়েছিলাম। মুক্তিযুদ্ধের এই ঘটনাটি কোথাও লেখা হয়নি। এমন শোকের বোঝা একাই বয়ে বেড়াতে হচ্ছে পরান ধন চাকমাকে।’