বাবা-মাকে আওয়ামী লীগ নেতার হত্যার হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়ে হত্যার মামলা করায় বাবা-মাকেও হত্যার হুমকি দিয়েছেন আওয়ামী যুবলীগের নেতারা। নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া গ্রামের ঘুষুরটেক এলাকার নিহত রুনা বেগমের মা বৃদ্ধ লাইলী বেগম (৬০) এ অভিযোগ করেছেন।নিহত রুনার পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রুনা বেগম নিহত হওয়ার এক সপ্তাহ আগে একই গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে চক্রধা ইউনিয়নের যুবলীগের সহসভাপতি আবু কালাম আজাদ অনৈতিক প্রস্তাব দেন। রুনা বেগম প্রস্তাবে রাজি না হয়ে আবু কালামকে পায়ের জুতা দেখান। এতে আবু কালাম ক্ষিপ্ত হয়ে তাঁকে সাত দিনের মধ্যে দেখে নেবেন বলে হুমকি দেন। পরে গত ৪ জুলাই সন্ধ্যায় রুনা বেগম (২১) বাড়ি থেকে স্থানীয় সিঅ্যান্ডবি বাজারে ওষুধ আনার কথা বলে বের হন। কিন্তু বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। পাঁচ দিন পর ঘুষুরটেক এলাকার একটি ডোবা থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করা হয়। নিহত রুনার পরিবারের অভিযোগ, মামলার প্রধান আসামি চক্রধা ইউনিয়নের যুবলীগের সহসভাপতি আবু কালাম আজাদকে আটক করলেও স্থানীয় সাংসদের চাপের মুখে তাঁকে ছেড়ে দেয় শিবপুর মডেল থানার পুলিশ। ছাড়া পাওয়ার পর থেকে চক্রধা ইউনিয়নের যুবলীগের সহসভাপতি আবু কালাম আজাদ, সভাপতি আমির হোসেন, স্থানীয় আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত আবুল কাশেম, বকুল মিয়া, জাকির মিয়া ও কাজল মিয়া বিভিন্ন সময় নিহত রুনার পরিবারের সদস্যসহ বাবা-মাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। এমনটি মামলা তুলে না নিলে নিহত রুনার বাবা-মাকেও হত্যা করা হবে বলে তাঁরা জানান। এ অভিযোগ অস্বীকার করে চক্রধা ইউনিয়নের যুবলীগের সহসভাপতি আবু কালাম আজাদ বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।’নিহতের বাবা আবদুল বারিক মোল্লা বলেন, ‘প্রধান আসামি আবু কালাম মামলা তুলে না নিলে মেয়ের মতো করুণ পরিস্থিতি আমাকেও বরণ হবে বলে হুমকি দিচ্ছে।’চক্রধা ইউনিয়নের যুবলীগের সভাপতি আমির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা এ ব্যাপারে কাউকে কোনো হুমকি দিইনি। আর আমার বিরুদ্ধে আপনার (প্রতিবেদক) কাছে কে অভিযোগ করেছে? আমার নামে মিথ্যা কথা যে বলবে, আমি তাকে দেখে দেব।’শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন মোল্লা বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নিজামউদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। মামলার তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না।