বাবা-মাকে খুঁজে পেল হিমেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমেল
হিমেল

বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী হিমেল তার বাবা-মাকে খুঁজে পেয়েছে। সে জামালপুরের মেলান্দহ উপজেলার পাছকয়লা গ্রামের মো. সোহাগ মিয়ার ছেলে।
হিমেল ঢাকার মিরপুরের অন্ধ ও মূক বধির বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। গত বছরের ২৯ জানুয়ারি সে ওই বিদ্যালয় থেকে হারিয়ে যায়। গত বৃহস্পতিবার খালিশপুরের সরকারি অন্ধ ও মূক বধির বিদ্যালয়ে এসে সোহাগ মিয়া ও তাঁর স্ত্রী হিমেলকে নিয়ে যান।
পারিবারিক ও বিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ২৯ জানুয়ারি গেট খোলা থাকায় ও দারোয়ানদের অসাবধানতার কারণে হিমেল বিদ্যালয় থেকে বের হয়ে যায়। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়। মাইকিংও করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। হিমেলের পরিবার থেকে ১০ হাজার লিফলেট জামালপুর ও ঢাকার নানা জায়গায় বিলি করা হয়। ওই বছরের ১২ মে যশোর সদর থানার পুলিশ সন্দেহজনক গতিবিধির কারণে হিমেলকে (১১) হেফাজতে নেয়। এরপর তাকে যশোর পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রে রাখা হয়। কিশোর উন্নয়ন কর্তৃপক্ষ দীর্ঘসময় ধরে তার স্বজনদের খুঁজে না পেয়ে চলতি বছরের ৭ এপ্রিল যশোরের আদালতে হাজির করে তাকে। আদালত তাকে খালিশপুরের সরকারি অন্ধ ও মূক বধির বিদ্যালয়ে রাখার নির্দেশ দেন। ১৫ এপ্রিল থেকে হিমেলের নতুন ঠিকানা হয় ওই বিদ্যালয়।
সোহাগ মিয়া বলেন, ‘হিমেলকে হন্যে হয়ে খুঁজেছি। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। অবশেষে ৬ জুলাই প্রথম আলোয় “বাবা-মাকে খুঁজছে বাক্প্রতিবন্ধী হিমেল” শিরোনামের প্রতিবেদন চোখে পড়ে।’