বাবা-মাকে ছাড়া জন্মদিন কাটল মেঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘের ষষ্ঠ জন্মদিন ছিল গতকাল শনিবার। এবারই প্রথম বাবা-মাকে ছাড়া জন্মদিন কাটল মেঘের। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে মেঘের জন্মদিন পালন করেছে তার শিক্ষাপ্রতিষ্ঠান উইলিয়াম কেরি। বিকেলে মেঘ যায় তার বাবার কর্মস্থল মাছরাঙা টেলিভিশনে। মেঘের মামা নওশের আলম প্রথম আলোকে বলেন, ‘গত বছর মেঘের পঞ্চম জন্মদিন বেশ ঘটা করেই পালন করা হয়েছিল। বাবা সাগর সরওয়ার আর মা মেহেরুন রুনি ছিল সেবার। কিন্তু ষষ্ঠ জন্মদিনে তাঁরা কেউ-ই ছিলেন না।’নওশের জানান, ‘শনিবার রাত ১২টায় তাঁরা বাসায় একটি কেক কাটেন। তবে অন্যবারের মতো উচ্ছ্বাস ছিল না মেঘের। সকালে ঘুম থেকে উঠে স্কুলে গেছে মেঘ। বেলা ১১টায় স্কুল কর্তৃপক্ষ মেঘের জন্মদিনের আয়োজন করে। বিকেলে মাছরাঙা টেলিভিশনে যায় মেঘ। সেখানে ওর বাবার সহকর্মীরা একটি বড় কেক কাটেন। সেখানে মেঘ কিছু উপহারও পেয়েছে। রাতে বাসায় এসে সেগুলো নিয়ে খেলেছে। রোববার (আজ) আমরা পারিবারিকভাবে বসুন্ধরায় মেঘের জন্মদিনের উৎসব করব।’গত ১১ ফেব্রুয়ারি সাংবাদিক সাগর ও রুনি নিজ বাসায় খুন হন। হত্যাকাণ্ডের পর চার মাস পেরোলেও এখনো এর কোনো কূলকিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।