বাবা-মাকে রেখেই বিদায় নিল ফাহিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বাবা-মাকে রেখেইে না-ফেরার দেশে চলে গেল সাত মাসের শিশু ফাহিম। আজ বুধবার বেলা একটার দিকে মারা যায় সে। তবে তার বাবা জুয়েল হোসেন (২৫) ও মা মুন্নি বেগম এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায়।

গাজীপুর সদর উপজেলার ডেগেরচালা এলাকায় আজ বুধবার ভোর চারটার দিকে জুয়েলের ঘরে মশার কয়েল থেকে আগুন ধরে যায়। জুয়েল গাজীপুরের বোর্ডবাজার এলাকার ইস্টওয়েস্ট লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করেন।
বার্ন ইউনিটের চিকিত্সক পার্থ শংকর পাল জানান, আগুনে জুয়েল ও তাঁর স্ত্রীর শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। আর তাঁদের সন্তান ফাহিমের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

জুয়েলের মামা ও একই বাড়ির ভাড়াটে মতিউর রহমান জানান, সাড়ে তিন বছর ধরে জুয়েল সপরিবারে ডেগেরচালা এলাকার সফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। গতকাল রাতে তাঁরা বিছানার পাশে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোর চারটার দিকে মশার কয়েলে কাপড় লেগে তাতে আগুন ধরে যায়। একপর্যায়ে আগুন বিছানায় ছড়িয়ে পড়লে তিনজনের গায়ে আগুন লেগে যায়। এ সময় তাঁদের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে আগুন নেভায়। পরে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। সেখানে বেলা একটার দিকে ফাহিম মারা যায়।