বাবা-মাকে হত্যার দায়ে ঐশীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সস্ত্রীক পুলিশ কর্মকর্তা হত্যা
সস্ত্রীক পুলিশ কর্মকর্তা হত্যা

পুলিশের বিশেষ শাখার (এসবি) কর্মকর্তা মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী স্বপ্না রহমানকে হত্যার দায়ে তাঁদের মেয়ে ঐশী রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তাঁকে আশ্রয় দেওয়ায় বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ডাদেশ এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আসাদুজ্জামান জনিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ গতকাল বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ঐশী পরিকল্পিতভাবে একাই ওই হত্যাকাণ্ড ঘটান এবং মামলার আলামত নষ্ট করার চেষ্টা করেছেন। খুনের সময় তিনি সুস্থ, স্বাভাবিক ছিলেন। আসামিপক্ষ তাঁকে অপ্রাপ্তবয়স্ক বললেও তা প্রমাণ করতে পারেনি। ঐশী থানায় আত্মসমর্পণ করে আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। এই হত্যাকাণ্ড বিবেককে নাড়া দিয়েছে। এটি একটি বর্বর ও নৃশংস ঘটনা। আসামি একজন সন্তান হলেও আইনে অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। আসামি মিজানুর রহমান ঐশীকে আশ্রয় দেন। আইনে কোনো অপরাধীকে আশ্রয় দেওয়াটাও অপরাধ।
রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষ আসামি ঐশী রহমানের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় তাঁকে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হলো। বাবা ও মাকে হত্যার দুটি অভিযোগেই তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আর অপরাধীকে আশ্রয় দেওয়ায় দণ্ডবিধির ২১২ ধারায় মিজানুরকে দুই বছরের কারাদণ্ড দেন ও তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। অনাদায়ে তাঁকে আরও এক মাস কারাদণ্ড ভোগ করতে হবে। অপর আসামি আসাদুজ্জামানের বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়।
রায় ঘোষণার আগে ঐশী ও আসাদুজ্জামানকে কড়া নিরাপত্তায় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা অপর আসামি আদালতে হাজির ছিলেন। রায়ের পর ঐশীকে কাঁদতে দেখা যায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান রায়ে সন্তোষ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, আদালত মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি ঐশীর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন। রায় ঘোষণার পর তাঁকে আবার কারাগারে পাঠানো হয়। আসামি মিজানুর রহমান ১৯ মাস কারাগারে ছিলেন। কারাগারে থাকার সময় তাঁর সাজার মেয়াদ থেকে বাদ যাবে।
রায়ের পর ঐশীর আইনজীবী ফারুক আহম্মদ বলেন, ঐশীর বিরুদ্ধে যে রায় এসেছে, তাতে তাঁরা সন্তুষ্ট নন। এই রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করবেন।
বয়স নিয়ে বিতর্ক: রাজধানীর একটি নামি ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী ঐশীর বয়স বিদ্যালয়ের নথি অনুযায়ী ওই সময় ১৮ বছরের কম হওয়ায় তাঁকে রিমান্ডে নেওয়ার মাধ্যমে শিশু আইন লঙ্ঘন করার অভিযোগ উঠেছিল। তাঁর বয়সের সমর্থনে খুলনার একটি ক্লিনিকের জন্মসনদও আদালতে দাখিল করেছিলেন ঐশীর আইনজীবী।
পরে আদালতের নির্দেশে গত বছরের ২০ আগস্ট ঐশীকে পরীক্ষা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের দেওয়া প্রতিবেদনে তাঁর বয়স ১৯ বছরের মতো বলে উল্লেখ করা হয়।
২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগে নিজেদের বাসা থেকে মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১৭ আগস্ট নিহত মাহফুজুর রহমানের ভাই মশিউর রহমান এ ঘটনায় পল্টন থানায় হত্যা মামলা করেন। নিহত দম্পতির মেয়ে ঐশী রহমান ওই দিনই পল্টন থানায় ছোট ভাই ও শিশু গৃহকর্মীকে নিয়ে আত্মসমর্পণ করেন। ২৪ আগস্ট তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে পরে ওই জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন ঐশী।
গত বছরের ৯ মার্চ ঐশী ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে একটি অভিযোগপত্র এবং ঐশীদের বাসার শিশু গৃহকর্মীর বিরুদ্ধে শিশু আইনে পৃথক অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত বছরের ৬ মে ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রথমে ঐশীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ট্রাইব্যুনাল ৩০ নভেম্বর নতুন করে অভিযোগ গঠন করেন। ২০ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে গতকাল রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন আদালত। ঐশী আত্মপক্ষ সমর্থনে আদালতে দেওয়া আবেদনে নিজেকে নির্দোষ দাবি করেন।
ঐশীদের গৃহকর্মীর বিরুদ্ধে করা শিশু আইনের মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে। সে বর্তমানে জামিনে আছে।