বাবা-মাকে হারিয়ে দিশেহারা তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আক্কাস আলী (৪৫) ও তাঁর স্ত্রী সাজেদা বেগম (৩৫) নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রেখে গেছেন তাঁদের তিন সন্তান। মাত্র ১৫ দিনের ব্যবধানে বাবা-মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তারা।স্বাস্থ্য অধিদপ্তরের (রোগ নিয়ন্ত্রণ) পরিচালক বে-নজির আহমেদ বলেন, মৃত ব্যক্তিদের উপসর্গ থেকে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আক্কাস আলী কৃষিকাজ করতেন। তাঁর তিন সন্তান হলো শামীম হোসেন (১৬), শাহেদা আক্তার (১৩) ও নার্গিস আক্তার (৭)। নার্গিসও নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন। পারিবারিক সূত্র জানায়, ৯ মার্চ আক্কাসের জ্বর হয়। দুই দিন পর জ্বরের সঙ্গে বমিও হতে থাকে। অবস্থার অবনতি হলে ১৩ মার্চ তাঁকে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মার্চ তিনি মারা যান। এর পরপরই নিপাহ ভাইরাসে আক্রান্ত হন সাজেদা বেগম। তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তিনি মারা যান। মেয়ের বাড়িতে এসে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে মারা যান শরফজান বেগম (৬০)। একই দিন প্রতিবেশী বাদল হোসেনও (৩২) মারা যান। গত শনিবার মুক্তানগর গ্রামে গিয়ে দেখা যায়, শিশু নার্গিস বাড়ির উঠানে টানানো মশারির ভেতরে শোয়া। যন্ত্রণায় কাতরাচ্ছিল সে। বড় ভাই শামীম পাশে বসে হাতপাখা দিয়ে বাতাস করছে। আর বোন শাহেদা মাথার কাছে বাকরুদ্ধ অবস্থায় বসে আছে। এ সময় শামীম বলে ওঠে, ‘এই দুনিয়ায় আমাগো আপন বলে আর কেউ রইল না। আর কোনো দিন মা-বাবাকে ফিরে পাব না।’