বাবা-মায়ের কাছে ফিরতে ব্যাকুল ছেলেটি
নীলফামারীর সৈয়দপুরে ১৬-১৭ বছরের একটি ছেলে পাওয়া গেছে। গত ২৩ সেপ্টেম্বর সকালে সৈয়দপুর উপজেলার ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর শরেয়ারতলায় ছেলেটিকে পাওয়া যায়। বর্তমানে সে ওই এলাকার রিকশাভ্যানচালক সাইফুল ইসলামের বাড়িতে আছে। ছেলেটি বাবা-মায়ের কাছে ফিরতে ব্যাকুল হয়ে উঠেছে। কিন্তু ঠিকানা বলতে না পারায় তাকে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না।
আশ্রয়দাতা সাইফুল ইসলাম বলেন, ২৩ সেপ্টেম্বর ফজরের নামাজ আদায় শেষে রাস্তায় হাঁটতে বেরিয়ে বাড়ির অদূরে লক্ষ্মণপুর শরেয়ারতলা নামক স্থানে ১৬-১৭ বছর বয়সী এক ছেলেকে চৌমুহনী-লক্ষ্মণপুর-লালদীঘি সড়কের ওপর শুয়ে থাকতে দেখেন। তখন ছেলেটির পরনে চ্যানেল-২৪ লেখা একটি গেঞ্জি, চেক লুঙ্গি এবং হাতে-গলায় তাবিজ ছিল। এ সময় ছেলেটি অস্পষ্টভাবে কথা বলছিল এবং দুর্বলতার কারণে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। নিরুপায় হয়ে সাইফুল ছেলেটিকে নিজ বাড়িতে নিয়ে আসেন। এর পর থেকে ছেলেটি তাঁর বাড়াইশালপাড়ার (ডাঙ্গাপাড়া) বাড়িতেই আছে। তিনি ছেলেটির খোঁজের জন্য ০১৯২৯-৮৫৮৮১৮ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।