বাবা-মায়ের মাঝ থেকে ছেলেকে কেড়ে নিল ট্রাক
মোটরসাইকেল চালাচ্ছিলেন বাবা। পেছনে ছিলেন মা। দুজনের মাঝখানে ১১ বছরের মিনহাজুল ইসলাম। মিনহাজকে নিয়ে বাবা-মা কোচিং সেন্টারে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। রাস্তায় ছিটকে পড়ে মিনহাজ। ট্রাকের নিচে চাপা পড়ে নিভে যায় তার জীবনের আলো।
আজ শুক্রবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মা-বাবাকে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মিনহাজের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর গ্রামে। সে সরদহ পাইলট সরকারি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত। মিনহাজের বাবার নাম শহিদুল ইসলাম। মা মিতা ইসলাম।
প্রতিদিনের মতো বাবা শহিদুল ইসলাম মোটর সাইকেলে করে ছেলেকে সরদহ বাজারে কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছিলেন। আজ তার পরীক্ষা ছিল। সকাল পৌনে নয়টার দিকে মোক্তারপুর বালুঘাটের কাছে পৌঁছালে বালুবোঝাই ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন মিনহাজকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা অনিন্দিতা সরকারের ভাষ্য, হাসপাতালে নিয়ে আসার আগেই মিনহাজ মারা গেছে।
গুরুতর আহত অবস্থায় মিনহাজের মা ও বাবাকে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চারঘাট থানার পুলিশ ট্রাকটি জব্দ করেছে। চালক পলাতক।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের ভাষ্য, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।