বাবা-মার বিচ্ছেদ মেনে নিতে পারেনি কিশোরটি
রাজধানীর উত্তরখানের বৈকাল রোডের একটি বাসা থেকে আজ সোমবার তারেক মোল্লা (১৪) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বাবা-মার বিচ্ছেদ হওয়ার পর থেকে ছেলেটি বিষন্নতায় ভুগছিল। আজ বিকেলে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, তারেকের বাড়ি পাবনা সদর উপজেলার কুসুমিয়া গ্রামে। তাঁর বাবা হীরক মোল্লা। পরিবারটি দরিদ্র। পারিবারিক কলহের জের ধরে ৬/৭ মাস আগে তার বাবা হীরক ও মা কাকলী বেগমের বিচ্ছেদ হয়ে যায়। তারেককে মাসখানেক আগে হীরক মোল্লার চাচা মমিনুল ইসলাম তাঁর উত্তর খানের বৈকাল রোডের বাসায় নিয়ে আসেন। তাকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া হয়। কিন্তু তারেক ঠিকমতো মাদ্রাসায় যেত না। সমসময় মনমরা থাকত, বিষন্নতায় ভুগছিল সে। আজ সকালে নিজের ঘরে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তারেকের দেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে বাবা-মায়ের বিচ্ছেদ মেনে নিতে না পেরে ছেলেটি আত্মহত্যা করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।