বাবা-মায়ের অবর্তমানে রাষ্ট্রই প্রতিবন্ধীদের দায়িত্ব নেবে : প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ হাসিনা্ । বাসস
শেখ হাসিনা্ । বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অটিস্টিক শিশুদের বাবা-মায়ের অবর্তমানে তাদের লালন-পালনের জন্য রাষ্ট্রই উদ্যোগ গ্রহণ করবে। তিনি বলেন, ‘আমি সব সময় উপলব্ধি করি যে, অটিজম শিশুদের জন্য সব চেয়ে বেশি কষ্ট হচ্ছে মায়ের। তাই তাদের মা-বাবা যখন থাকবে না, তখন এদের কী হবে। এরা কোথায় যাবে। আমরা এ ব্যাপারে একটা উদ্যোগ নিচ্ছি। বাবা-মা যখন থাকবে না, তখন সরকারের পক্ষ থেকে তাদের লালন-পালনের ব্যবস্থা আমরা করব।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৬ উপল‌ক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

১৯৯৬–পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের উদ্যোগে চালু করা কমিউনিটি ক্লিনিকগুলো বিএনপি-জামায়াত বন্ধ করে দেওয়ার ফলে জনসাধারণের দুর্ভোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ফাউন্ডেশন ও ট্রাস্ট করে এমনভাবে ব্যবস্থা গ্রহণ করব যাতে ভবিষ্যতে সরকার পরিবর্তন হলেও কেউ তা বন্ধ করতে না পারে।’

প্রধানমন্ত্রী বলেন, অটিজমসহ সব ধরনের প্রতিবন্ধী শিশুদেরও বেঁচে থাকার অধিকার আছে। তাদের মেধা ও যোগ্যতা প্রকাশেরও অধিকার আছে। তাদের সে সুযোগ দিতে হবে।

প্রত্যেক জেলা-উপজেলায় একটি করে অটিজম চিহ্নিতকরণ ও চিকিৎসাকেন্দ্র স্থাপনে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও আমরা পদক্ষেপ নিয়েছি। ৬৪ জেলায় এবং ৩৯টি উপজেলায় ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র করা হয়েছে। এসব কেন্দ্রে অটিজম কর্নার চালু করা হয়েছে, যা থেকে প্রায় ২০ লাখ প্রতিবন্ধী সেবা গ্রহণ করছে। ঢাকায় শিশু হাসপাতালসহ ১৫টি মেডিকেল কলেজ হাসপাতালে ১৫টি শিশু বিকাশ কেন্দ্র স্থাপন করে অটিজম সমস্যাজনিত শিশুদের চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি জেলা এবং উপজেলায়ও একটি অটিজম শনাক্তকরণ এবং তাদের কাউন্সেলিং করা এবং চিকিৎসার ব্যবস্থা করা হবে।’ তিনি বলেন, যারা সেবা প্রদান করবেন, তাঁদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শেখ হাসিনা আরও বলেন, ‘বিভিন্ন স্থানে যেমন সেনানিবাসে “প্রয়াস” নামে প্রতিবন্ধী বিদ্যালয় করা হয়েছে। চট্টগ্রাম, কুমিল্লাসহ প্রতিটি সেনানিবাসে আমি ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি আমাদের প্রতিটি সেনানিবাসে এই প্রয়াসের শাখা তৈরি করা হবে।’

প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ছিল প্রতিবন্ধী বা অটিস্টিক বাচ্চাদের বাবা-মাকে অনেক সময় মানুষের কাছে হেয় হতে হতো। অটিস্টিক বাচ্চাকে লুকিয়ে রাখা হতো। এ জন্য মা-কে দোষ দেওয়া হতো। আসলে অটিস্টিক হয়ে জন্মাবার পেছনে মা-বাবার কারও কোনো হাত নেই। এখন এই ধারণাটা বদলেছে। আজ আর প্রতিবন্ধিতার জন্য মা-বাবাকে দোষারোপ করার সেই সুযোগটা নেই। থাকাও উচিত না। সকলেরই মনটা এখন বড় করা উচিত।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তারা যদি আমাদের সমাজকে কিছু দিতে পারে, সেটা আমরা নেব।’ অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে বলে প্রধানমন্ত্রী সকলকে ধন্যবাদ জানান।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন। আরও বক্তব্য দেন জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন আরা সুরাত আমিন।
অটিজম ও স্নায়বিক সমস্যাজনিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন এ উপলক্ষে জাতিসংঘে অটিজম–বিষয়ক মূল অনুষ্ঠানে উপস্থিত থাকায় অনুষ্ঠানে তাঁর ধারণকৃত বক্তব্য পরিবেশন করা হয়।