বাবা-মায়ের ওপর হামলা চালাতে গিয়ে ককটেলে নিজেই আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বাড়ির জায়গা দখলকে কেন্দ্র করে বাবা-মায়ের ওপর ককটেল হামলা করতে গিয়ে বিস্ফোরণে ছেলে বিপুল রহমান নিজেই আহত হয়েছেন। এ ঘটনায় বাবা সুরুজ আলী বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের সুরুজ আলী বলেন, ‘বাড়ির ৬ শতক জমির মধ্যে ২ শতক বিপুলকে দিয়েছি। এর পরও সে আরও জায়গা দাবি করে প্রতিদিন আমার সঙ্গে ঝগড়া ও মাঝেমধ্যে মারপিট করে। আজ (শনিবার) সকালে ঝগড়ার সময় আমার ওপর ককটেল মারতে আসে। কিন্তু তার আগেই ককটেল ফুটে বিপুল নিজেই আহত হয়েছে।’

মা লাইলি খাতুন বলেন, ‘এই জায়গা দখল করতে না পেরে আমাকে বিপুল দুই দিন মারধর করেছে। এ ছাড়া প্রতিদিন গালিগালাজ করে। গ্রামের লোকজন বিচার করে বিপুলের সঙ্গে পারে না।’

বিপুল পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

তবে ধুনট থানার পরিদর্শক (্ওসি) মোবারক হোসেন বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্র জানায়, সুরুজ আলীর সঙ্গে তাঁর ছেলে বিপুল রহমানের বাড়ির ৬ শতক জায়গা দখল নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে গতকাল সকাল আটটার দিকে সুরুজ আলী ও বিপুলের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ সময় বিপুল আগেই সংগ্রহ করে রাখা একটি ককটেল এনে তার বাবা-মাকে হামলার হুমকি দেয়।

কিন্তু হঠাৎ করে ককটেলটি তার হাত থেকে মাটিতে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে বিপুলের হাত ও দুই পা আহত হয়। এ সময় সেখানে উপস্থিত একই গ্রামের পারুল বেগম (৪৫), আবদুল ওয়ারেছ (৪৫) ও শফিকুল আলম (২২) আহত হন। বিপুল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে আহত অন্য তিনজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।