বাবা-মায়ের কবর জিয়ারত করে ভোট দেন দুই প্রার্থী
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ মন্জুর আলম বাবা-মায়ের কবর জিয়ারতের পর ভোট দিয়েছেন। দুজনেই আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু নির্বাচন হলে তিনিই জিতবেন।আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিন সকালে চশমা হিলের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। এরপর সকাল সাড়ে আটটায় তিনি দুই ছেলেকে নিয়ে শুলকবহর আহমদ মিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান।ভোট দেওয়ার পর মহিউদ্দিন বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। জনগণ ঠিক মতো ভোট দিতে পারলে আশা করি, আমিই জয়ী হব।’সকাল সাড়ে আটটার পর পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন চট্টগ্রাম নাগরিক আন্দোলনের প্রার্থী মন্জুর। এরপর বাড়ি ফেরেন। সকাল সাড়ে নয়টার দিকে তিনি উত্তর কাট্টলি হাজি দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে যান। তিনি বিদ্যালয়ের দোতলায় গিয়ে ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি ভোট দিতে আসা মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ভোটকেন্দ্রে মন্জুর বলেন, ’নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক সেটা চাই। শান্তিপূর্ণ নির্বাচন হলে আমিই জয়লাভ করব।’ নির্বাচনে হেরে গেলে ফলাফল মেনে নেবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ’জনগণ যে রায় দেয় আমি সেটা মেনে নেব। জনগণের রায়ের প্রতি আমার আস্থা আছে।’