বাবা-মায়ের কবরের পাশে দিতির দাফন
নারায়ণগঞ্জের সোনারগাঁয় মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। দাফনের আগে সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বেলা পৌনে দুইটায় তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার দুপুর ১২টায় সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া গ্রামে দিতির মরদেহ পৌঁছার পর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার নারী-পুরুষ, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা দিতির মরদেহ একনজর দেখতে ভিড় জমান।
জানাজায় সোনারগাঁয়ের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁঞা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানাজা শেষে বাবা আবুল হোসেন ও মা নুরজাহান বেগমের কবরের পাশে দিতির দাফন সম্পন্ন হয়। এ সময় তাঁর ছেলে দীপ্ত ও মেয়ে লামিয়া উপস্থিত ছিলেন।
গত রোববার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন পারভীন সুলতানা দিতি। ১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিতির জন্ম। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে পদার্পণ করেন তিনি। ৩১ বছরের অভিনয়জীবনে দুই শতাধিক ছবিতে কাজ করেছেন দিতি।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, দিতি ১৯৭৯ সালে সোনারগাঁয়ের প্রাচীন বিদ্যাপীঠ সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পাস করে পড়াশোনার সুবাদে ঢাকায় গিয়ে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে গান গাওয়ার পাশাপাশি অভিনয়ে জড়িয়ে পড়ে বাংলাদেশি চলচ্চিত্রে নায়িকা হিসেবে শক্ত অবস্থান দখল করেন। চার ভাই ও তিন বোনের মধ্যে দিতি ছিলেন তৃতীয়।
জি আর ইনস্টিটিউশনের অধ্যক্ষ সুলতান মিয়া বলেন, ‘আমরা সবাই তাঁকে পারভীন নামে চিনি। পারভীন সোনারগাঁয়ের সাংস্কৃতিক অঙ্গনে সবার প্রিয় মুখ। স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকে গান করে বিভাগীয় পর্যায়ে পুরস্কার পান তিনি। স্কুলজীবন থেকেই গান করে বিভিন্ন মঞ্চ কাঁপাতেন। তাঁর অনুপ্রেরণায় সোনারগাঁ শিল্পকলা একাডেমিতে গান শিখে সোনারগাঁয়ের অনেক শিল্পী বিখ্যাত হয়েছেন।’