দিনাজপুরের হাকিমপুর উপজেলায় মাদক কেনার জন্য কোলের শিশুকে বিক্রি করে দেওয়া সেই মা-বাবার খোঁজ পাওয়া গেছে। তবে তাঁরা নিজেদের সন্তানকে ফিরিয়ে নেননি।মাদকাসক্ত ওই দম্পতির নাম মহসীন চৌধুরী ও ফিরোজা বেগম। তাঁদের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর গ্রামে। শিশুটির নাম ফিরোজ আহমেদ। মাদক কেনার টাকা জোগাড় করতে না পেরে গত শনিবার বিকেলে হাকিমপুরের মধ্যবাসুদেবপুর (চুড়িপট্টি) গ্রামের দুলালি হিজড়ার কাছে ছয় মাস বয়সী ফিরোজকে বিক্রি করে দেন তার মা-বাবা। এক হাজার ১০১ টাকা এবং দুটি শাড়ির বিনিময়ে তাকে বিক্রি করা হয়।বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন গত রোববার ফিরোজকে উদ্ধার করে। কিন্তু সেদিন তার মা-বাবার খোঁজ না পাওয়ায় ফিরোজকে লালন-পালনের দায়িত্ব দেওয়া হয় মধ্যবাসুদেবপুর গ্রামের নিঃসন্তান দম্পতি ফারুক হোসেন ও পান্না বেগমকে।গতকাল সোমবার সকালে মধ্যবাসুদেবপুর গ্রামেই ফিরোজের মা-বাবা ফিরোজা ও মহসীনের খোঁজ পাওয়া যায়। পরে তাঁরা হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে দেখা করেন। সন্তান বিক্রির কথা স্বীকার করে তাঁরা জানান, তাঁরা দুজনই মাদকাসক্ত এবং আর্থিকভাবে অসচ্ছল। সন্তান লালন-পালন করা তাঁদের জন্য কষ্টকর। মহসীন প্রথম আলোকে জানান, তাঁরা স্বামী-স্ত্রী দুজন প্লাস্টিক, কাচের বোতল, লোহার ভাঙারি কুড়িয়ে বাজারে বিক্রি করেন। এতে ২০০-৩০০ টাকা আয় হয়। আবার কোনো দিন ১০০ টাকাও হয় না। কিন্তু হেরোইন সেবনে প্রতিদিনই তাঁদের ২০০ টাকা লাগে। চুড়িপট্টির কিছু বাড়িতে হেরোইন পাওয়া যায়। সেখানে তাঁরা নেশা করেন।ফিরোজা বেগম বলেন, ছয় বছর আগে আমাদের বিয়ে হয়। বিয়ের পর আমাদের জীবন ভালোই যাচ্ছিল।