মা-বাবার জন্য কাঁদছে শিশুটি

শিশুটির বয়স দুই বছর। কোনো কথা বলতে পারে না। সাত দিন আগে শিশুটিকে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের সামনে থেকে উদ্ধার করা হয়। এরপর তেজগাঁও থানা-পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তার মা-বাবার সন্ধান পায়নি। শেষমেশ শিশুটির ঠাঁই হয়েছে আজিমপুরের ছোট মণি নিবাস কেন্দ্রে। শিশুটির পরনে ছিল কালো রঙের টি-শার্ট।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মাইকেল প্রথম আলোকে বলেন, গত ২৬ সেপ্টেম্বর বিজ্ঞান কলেজের সামনে শিশুটি কাঁদছিল। তখন স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এরপর শিশুটির মা-বাবার খোঁজ খবর করা হয়। কিন্তু তাঁদের কোনো খোঁজ মেলেনি। পরে শিশুটিকে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়।
শিশুটিকে আদালতে পাঠানো হয় গতকাল রোববার। এ ব্যাপারে আদালত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) তাজমিনুর রহমান প্রথম আলোকে বলেন, শিশুটি কোনো কথা বলতে পারে না। কিছুক্ষণ পরপরই কাঁদছিল শিশুটি।
তেজগাঁও অঞ্চলের সমাজসেবা অফিসার মো. মাইনুল বাসার প্রথম আলোকে বলেন, শিশুটির মা-বাবার সন্ধানে বিজ্ঞান কলেজ এলাকায় মাইকিং করা হয়। কিন্তু শিশুটির কোনো অভিভাবককে খুঁজে পাওয়া যায়নি। তাই শিশুটিকে আজিমপুরের শিশু নিবাস কেন্দ্রে রাখা হয়েছে।