বাবা-মায়ের সঙ্গে আদালতে হাজিরা দিল দুই শিশু
বৃহস্পতিবার, ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা। মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালতের বাইরে দুটি শিশু দাঁড়ানো। চোখেমুখে আতঙ্কের ছাপ ওদের। পাশেই দাঁড়ানো শিশু দুটির বাবা-মা। একটু পরে ডাক পড়ল, সঙ্গে সঙ্গে আদালতের কাঠগড়ায় হাজির তারা। পরে শিশু দুটিসহ বাবা ও মা জামিনে মুক্তি পান।
ওই শিশু দুটি হলো জহিরুল ইসলাম ও শিমুল মিয়া। জেলার ঘিওর উপজেলার পাঠাইকোনা গ্রামের আলমগীর হোসেন ও রহিমা বেগম দম্পতির সন্তান তারা। জহিরুল স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। শিমুলও একই বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। জমিসংক্রান্ত বিরোধ নিয়ে দায়ের করা একটি মামলায় বাবা-মা ও শিশু দুটিকে আসামি করা হয়।
এজাহারের বিবরণ অনুযায়ী, পাঠাইকোনা গ্রামে জমি নিয়ে চাচা মতিয়ার রহমানের সঙ্গে ভাতিজা আলমগীর হোসেনের বিরোধ চলে আসছে। গত ১৪ এপ্রিল সকালে ওই জমিতে মতিয়ারের লোকজন মাটি কাটতে থাকেন। সে সময় লাঠিসোঁটা ও দা নিয়ে আলমগীর এবং তাঁর স্ত্রী, দুই সন্তান জহিরুল, শিমুলসহ অজ্ঞাত আরও দুজন মতিয়ারের স্ত্রী মালেকা বেগম ও ছেলে মুরাদ হোসেনকে মারধর করেন। এ ঘটনায় ১ মে থানায় মামলা করেন মালেকা বেগম। মামলায় আলমগীর, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে আসামি করা হয়।
এ ঘটনায় গতকাল বাবা ও মায়ের সঙ্গে শিশু জহিরুল ও শিমুল বিচারিক হাকিমের আদালতে জামিনের আবেদন করে। আদালতের বিচারক জীবরুল হাসান খান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয় ২০ জুন।
গতকাল আদালত প্রাঙ্গণে আসামিপক্ষের আইনজীবী মতিয়ার রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ওই শিশুরা ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। তারপরও তাদের আসামি করা হয়েছে। তা ছাড়া শিশু অপরাধীদের ক্ষেত্রে প্রচলিত আদালতের পরিবর্তে কিশোর আদালতে বিচারকার্য সম্পন্ন করার বিধান রয়েছে। তিনি বলেন, শিশু দুটির বয়স এজাহারে বাড়িয়ে উল্লেখ করা হয়েছে। জহিরুলের বয়স ২০ ও শিমুলের ১৮ দেখানো হয়েছে। থানায় মামলাটি রেকর্ড করার আগে প্রাথমিক তদন্ত করা হয়নি। এ মামলায় আসামি করায় কোমলমতি শিশুদের মনে একধরনের অপরাধবোধ কাজ করবে।
শিশু দুটির মা রহিমা বেগম বলেন, সামনে দুই সন্তানের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে। শিশুদের বিরুদ্ধে মামলা হওয়ায় তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। তিনি বলেন, তাঁর বড় ছেলে জহিরুলের বয়স ১৫ ও ছোট ছেলে শিমুলের ১২ বছর।
মামলার বাদী মালেকা বেগম বলেন, হামলার সময় রহিমার দুই সন্তানও তাঁর ছেলেকে মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। দুজনের বয়স বাড়ানো হয়নি বলে তিনি দাবি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আবদুস সাত্তার বলেন, ওই শিশুদের বয়স বাড়িয়ে বাদী মামলাটি করেছেন বলে প্রাথমিক তদন্তে বিষয়টি প্রতীয়মান হয়েছে। আদালতে শিশুদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মামলাটি তদন্তাধীন। এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।