বাবা-মায়ের সঙ্গে ঈদ করা হলো না সাব্বিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের সাব্বির হোসেন ময়মনসিংহে গিয়েছিল মামার বাড়ি বেড়াতে। কথা ছিল বাড়িতে ফিরে বাবা-মায়ের সঙ্গে ঈদ করবে। সে উদ্দেশ্যেই ট্রেনের টিকিট কাটতে স্টেশনে যাওয়া। স্টেশনে গিয়েই ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ দিতে হলো তাকে। এ ঘটনায় মো. হানিফ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত সাব্বিরের (১৬) বাড়ি গাজীপুর শহরের উত্তর রাজবাড়ি এলাকায়। বাবা আইয়ুব আলী মুদি ব্যবসায়ী। সে গাজীপুর সদর উপজেলার থানা কাউন্সিল এলাকার মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (মিস্ট) ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র।পরিবার ও পুলিশ জানায়, সাব্বির কয়েক দিন আগে ময়মনসিংহে মামার বাড়িতে আসে। মামা সুমন রহমান ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের পাশের একটি চশমার দোকানের মালিক। সাব্বির ঈদের আগেই বাড়ি ফিরে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে চেয়েছিল বলে মামা সুমন গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে টাকা দিয়ে টিকিট কাটতে স্টেশনে পাঠান। স্টেশনের আন্তনগর টিকিট কাউন্টারের সামনে গিয়েই ছিনতাইকারীদের কবলে পড়ে সাব্বির। ছিনতাইকারীরা তার পকেটে থাকা ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে পালাতে থাকে। তখন সাব্বির তাদের পিছু নিয়ে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। ছিনতাইকারীরা সাব্বিরের বুকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে জনতা ছিনতাইকারী চক্রের সদস্য হানিফকে আটক করে পুলিশে দেয়। হানিফের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকায়। ছিনতাইকারীর হাতে ছুরিকাহত হওয়ার পরও সাব্বির দৌড়ে মামার দোকানে চলে যায়। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।নিহতের মামা সুমন রহমান অভিযোগ করে প্রথম আলোকে বলেন, আহত অবস্থায় সাব্বিরকে রেলওয়ে পুলিশকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললেও রেলওয়ে পুলিশ তা করেনি। অতি দ্রুত হাসপাতালে নেওয়া হলে হয়তো সাব্বিরকে বাঁচানো যেত। তবে রেলওয়ে পুলিশের কর্তব্যরত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, সাব্বির আহত অবস্থাতেই দৌড়ে নিকটবর্তী মামার দোকানে চলে যায়। এ ছাড়া ঘটনার সঙ্গে সঙ্গে ছিনতাইকারী হানিফকে গ্রেপ্তার করে পুলিশ। হানিফকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ জিআরপি থানায় মামলা হয়েছে। লাশ রাতেই ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।