বাবা-মায়ের সঙ্গে ঈদ করেছে রাব্বি

রাব্বি বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে পেরেছে। রোববার রাত তিনটার দিকে রংপুর সদরের লালবাগে সে তাদের বাড়িতে পৌঁছায়।
আজ সোমবার দুপুরে রাব্বির মা সুলতানা বেগম মুঠোফোনে প্রথম আলোকে এ কথা জানালেন। ছেলেকে কাছে পেয়ে আবেগাপ্লুত মা। বললেন, ‘রাব্বি রাত তিনটার সময় এসেছে। আমি সেই রকম টেনশনে ছিলাম। তার শনিবার আসার কথা ছিল। আসে নাই। আমি তো বাড়িতে কান্নাকাটি করে একাকার। আমার বাচ্চার কী হলো রাস্তাঘাটে? মোবাইলও রাব্বির কাছে নাই। অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম। ট্রেন আসার সঙ্গে সঙ্গে দৌড়ায়ছি। দেখি, বাবা আমার রাস্তায়। পরে তাকে নিয়ে আসলাম।’ রাব্বির মায়ের মতো টেনশনে ছিলেন বাবা রফিকুল ইসলামও। রংপুরে অটোরিকশা চালিয়ে সংসার চালান তিনি।

কথা হয় রাব্বির (১৭) সঙ্গেও। সে বলছিল, রাতে যখন স্টেশন থেকে বাসার পথ ধরে আসছিলাম, তখন মাকে দেখি। মা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন। ব্যাগ নিয়ে মায়ের সঙ্গে বাসায় ফিরি।
ঈদের আগে বাড়িতে পৌঁছাতে পেরে দারুণ খুশি রাব্বি। সেই উচ্ছ্বাস বোঝা যাচ্ছিল তাঁর কণ্ঠেও। হাসতে হাসতে বলছিল, বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে পেরেছি। বাবা-মা, ভাইবোনকে দিতে পেরেছি নতুন জামাকাপড়। বাবার সঙ্গে ঈদগাহে গেছি। বন্ধুদের সঙ্গে দেখাও হয়েছে। খুব ভালো লাগছে।
রাব্বি অবশ্য ট্রেনের সহযাত্রী লালমনিরহাটের রবিউলের কথা বারবার বলছিল। পথে রবিউল তাকে নানাভাবে সাহায্য করেছে, সাহস দিয়েছে।
শনিবার রাতে রাব্বির রাত কাটে কমলাপুর রেলস্টেশনে। ব্যাগকে বালিশ বানিয়ে সারা রাত স্টেশনে শুয়ে ছিল সে। ঘুম থেকে উঠে ঝালমুড়ি খেয়ে কাটে তার সকাল-দুপুর। রাব্বির কাছে রংপুর এক্সপ্রেসের টিকিট ছিল শনিবার সকালের। বিলম্বিত ট্রেনটি দুপুরে রংপুরের উদ্দেশে কমলাপুর স্টেশন ছেড়ে যায়। টিকিট কাটতে পারলেও ট্রেন ছাড়ার সময়টা ভালোভাবে বুঝতে পারেনি রাব্বি। তাই ট্রেন ধরতে শনিবার রাতে প্ল্যাটফরমে পৌঁছায় সে। পরে জানতে পারে, তার ট্রেন সেই দুপুরেই চলে গেছে। অনেকে তাকে পরামর্শ দেন লালমনিরহাট এক্সপ্রেসে যাওয়ার জন্য। শনিবার রাত ১০টার দিকে লালমনিরহাটগামী লালমণি এক্সপ্রেসে ওঠার জন্য সব চেষ্টাই করে সে। কিন্তু হাতে দুটি ব্যাগ থাকায় ভিড় ঠেলে আর ট্রেনে উঠতে পারেনি। পরে রোববার রংপুর এক্সপ্রেস কমলাপুরে আসে ১২টা ৪৪ মিনিটের দিকে। সেই ট্রেনে সহযাত্রী রবিউলের সহায়তা নিয়ে ওঠে সে।