বাবা-মায়ের সঙ্গে নাশতা করা হলো না সিয়ামের
ভাঙা একটি টিনের ঘরে বসবাস সিয়ামদের। যে ঘরটিতে একপ্রকার আনন্দেই ছিল সিয়াম মস্তান (১৪) তার তিন ভাই ও মা-বাবাকে নিয়ে। সে ঘরের চারদিকে শুধুই কান্না আর আহাজারি।
সিয়ামের লাশ দেখতে আসা লোকজন মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছে না। গতকাল মঙ্গলবার শেষ বিকেলে শহরের ট্রাংক রোডের মস্তান বাড়িতে গিয়ে দেখা যায় এ দৃশ্য। সিয়ামকে চিরতরে হারালেও রক্তমাখা শার্ট ও টুপি নিয়ে বারবার এমন আহাজারি সিয়ামের মা ফারজানা আক্তার ও বাবা মুজিবর রহমানের। ‘আমার ছেলে হত্যার বিচার চাই, ওই পুলিশের আমি মৃত্যু চাই।’
সিমায়ের মা বলেন, ‘সকালে আমার ছেলে তার বাবার সঙ্গে নাশতা করবে বলে আমাকে ডিম ভাজতে বলে কম্পিউটার শিখতে ঘর থেকে বের হয়ে যায় এক বন্ধুর সঙ্গে। তুমি কখন আসবে বাবা? “মা, তুমি নাশতা তৈরি রেখো, আমরা এসে একসঙ্গে নাশতা করব”।’ পরে খবর পেলেন তাঁর ছেলে পুলিশের গুলিতে মারা গেছে।
বাবা একটি ব্যবসা করেন বলে ঘর থেকে বের হয়ে যান আগেই। বাইরে থেকে বাবাও ছেলের মৃত্যুসংবাদ শুনে ছুটে যান হাসপাতালে। সিয়াম চাঁদপুর শহরের আল-আমিন মডেল মাদ্রাসা থেকে এ বছর জেডিসি পরীক্ষা দিয়েছে। চার ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়। বড় ভাই নবম শ্রেণীতে পড়ে। তৃতীয়জন পঞ্চম শ্রেণীর ছাত্র। ছোট ভাইয়ের বয়স পাঁচ বছর।
একই ঘটনায় নিহত তাজুল ইসলাম রতনের (২৬) বাড়িতে চলছে মাতম। চার ভাই ও দুই বোনের মধ্যে রতন তৃতীয়। চাঁদপুর সরকারি কলেজের ম্যানেজমেন্টে মাস্টার্সে পড়তেন তিনি। বাবা আনোয়ার উল্যাহ পাটওয়ারী বাখরপুর উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। শিক্ষকতাজীবনের অতি কষ্টের টাকা দিয়ে ছেলেদের মানুষ করেছেন তিনি। শিক্ষাজীবনের শেষ সময়ে এসে রাজনীতির বলি হবে সন্তান—এ কথা কল্পনাই করতে পারেন না তিনি।
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চাচা আমিনুল হক পাটওয়ারী বলেন, ‘বাবা-মা অনেক কষ্ট করে শহরে এনে মানুষ করাল। অথচ শিক্ষাজীবনের শেষ সময়ে এসে দেশের নিষ্ঠুর রাজনীতি কেড়ে নিল তার জীবন। এ হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।’
চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকায় গতকাল বিএনপি-পুলিশ সংঘর্ষে ছাত্রদলের এক কর্মী রতন ও মাদ্রাসার ছাত্র সিয়াম নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।