জঙ্গিবাদে জড়িয়েছেন, এমন তরুণদের বড় অংশের সঙ্গে তাঁদের বাবা-মায়ের বন্ধুসুলভ সম্পর্ক ছিল না। এই সুযোগ একটি চক্র কাজে লাগিয়ে তরুণদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে। জঙ্গিবাদে জড়িয়ে পড়া শতাধিক তরুণকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এই তথ্য পেয়েছে।
রাজধানীর একটি হোটেলে ‘কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম: বিল্ডিং রেসিলিয়েন্স অ্যান্ড ক্যাপাসিটি’ শিরোনামে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজ (বিপস) এবং কানাডা সরকার ওই কর্মশালার উদ্যোক্তা। কর্মশালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাংলাদেশে তরুণদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার কারণ নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, বেকারত্ব, হতাশা, কৌতূহল নানা কারণে জঙ্গিবাদে জড়াচ্ছেন তরুণেরা।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবদুল মান্নান জঙ্গিবাদে জড়িয়ে পড়া তরুণ ও তাঁদের পরিবারের সদস্যদের শতাধিক সাক্ষাৎকার নিয়েছেন। সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার হওয়া দম্পতির সঙ্গে তিনি কথা বলেছেন। ওই দম্পতির বাড়ি নাইক্ষ্যংছড়ি। জিজ্ঞাসাবাদে তাঁরা বলেন, তাঁরা কাজ খুঁজছিলেন। এ সময় কাজের প্রতিশ্রুতি দিয়ে এক লোক তাঁদের চট্টগ্রামে নিয়ে আসেন। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। তাঁরা কাজ চাইলে বলা হয়, পরিশ্রম ছাড়াই তাঁদের খাওয়া-পরার ব্যবস্থা করা হবে। খুব ধীরে ধীরে তাঁদের উদ্বুদ্ধ করার কাজ চলে। একপর্যায়ে তাঁরা দুর্ধর্ষ জঙ্গি হয়ে ওঠেন।
সন্দেহভাজন জঙ্গি হিসেবে আটক তরুণদের বড় অংশের সঙ্গে তাঁদের বাবা-মায়ের দূরত্ব ছিল। তাঁরা তাঁদের প্রয়োজনে বাবা-মাকে কাছে পাননি। আবার বাবা-মা সন্তানদের মধ্যে পরিবর্তন দেখেও সময়মতো কিছু বলেননি। একজন তরুণ বাবার অসততায় বিরক্ত হয়ে জঙ্গিবাদে জড়িয়েছেন। ওই তরুণ বলেন, তাঁর বাবা অল্প বেতনের সরকারি চাকুরে ছিলেন। কিন্তু বিলাসবহুল জীবনযাপন করতেন। অফিসের কাজ ঠিকমতো করতেন না এবং সব সময় মিথ্যা বলতেন। তিনি বীতশ্রদ্ধ হয়ে বাবার সঙ্গ ত্যাগ করেন এবং খারাপ সঙ্গে পড়ে যান।
পুলিশ দেখেছে, তরুণদের ৮০ ভাগ ইংরেজি মাধ্যম ও মাদ্রাসার এবং ২০ ভাগ বাংলা মাধ্যমের ছাত্র।
র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সন্দেহভাজন এক খুনির সঙ্গে কথা বলেন। ওই তরুণ তাঁকে বলেন, ধর্ম সম্পর্কে তাঁর জানার কৌতূহল ছিল। কৌতূহল মেটাতে তিনি অনলাইনে বিভিন্ন সাইটে ঢুকতেন। একজনের কথা ভালো লাগে। তিনি ফেসবুকে তাঁর সঙ্গে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে ওই ব্যক্তি তাঁকে সিরিয়ায় আইএসের পক্ষে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেন। রেজাউল করিমের ছবি দিয়ে বলেন, আইএসে যোগ দিতে হলে প্রথমে রেজাউল করিমকে হত্যা করতে হবে।
নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক চিরণ জং থাপা কয়েক বছর ধরে বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে গবেষণা করছেন। তিনি বলছিলেন, ইদানীং তিনি তরুণদের আত্মপরিচয় নিয়ে সংকটে ভুগতে দেখছেন। তাঁরা ‘বাঙালি’ আগে না ‘মুসলমান’ আগে সে নিয়ে ভাবছেন।
বিপসের রিসার্চ ফেলো শাফকাত মুনীর বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশের মানুষ পরমতসহিষ্ণু এবং শান্তিপ্রিয়। বাংলাদেশে ইসলাম ধর্ম এসেছে সুফি সাধকদের হাত ধরে। এখানে সহিংসতার কোনো স্থান ছিল না। আবহমানকাল থেকে বাংলাদেশের মানুষের যে চরিত্র, সেটা ফিরিয়ে আনলে দেশে জঙ্গিবাদ ঠাঁই পাবে না বলে উল্লেখ করেন শাফকাত।