বাবা-মায়ের সামনে মেয়েকে ধর্ষণের চেষ্টা
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের একটি গ্রামে গত শুক্রবার রাতে বাবা-মায়ের সামনে এক স্কুলছাত্রীকে ধর্ষণ এবং অপহরণের চেষ্টা করে পাঁচ যুবক।সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই ছাত্রী ১৬ ঘণ্টা অচেতন ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সেলিম মালেক (২৫) ও আইয়ুব আলী (৩০) নামের দুজনকে আটক করেছে।সিংড়া থানা ও মেয়েটির পারিবারিক সূত্র জানায়, চৌগ্রামের দুই সন্তানের বাবা শামীম হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। তার অত্যাচারে কয়েক মাস আগে ওই ছাত্রী লেখাপড়াও ছেড়ে দেয়। মেধাবী ছাত্রী হওয়ায় শিক্ষকের অনুরোধে ওই ছাত্রী আবারও পড়াশোনা শুরু করে। কিন্তু শামীম আবারও রাস্তায় তাকে উত্ত্যক্ত করা শুরু করে। প্রকাশ্যে তাকে বিয়ের প্রস্তাবও দেয়।শুক্রবার রাত আটটার দিকে ওই ছাত্রী তার বাবা-মায়ের সঙ্গে বাড়ির উঠানে পিঠা তৈরি করছিল। এ সময় শামীম তার চার সহযোগী নিয়ে সেখানে গিয়ে বাবা-মায়ের সামনেই মেয়েটির জামা-কাপড় ছিঁড়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। বাবা-মা বাধা দিলে যুবকেরা মেয়েটিকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে। দুর্বৃত্তদের সঙ্গে টানাহেঁচড়ায় অচেতন হয়ে পড়ে মেয়েটি। গুরুতর অসুস্থ অবস্থায় রাত পৌনে একটায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মেয়েটির চেতনা ফিরে আসে।গতকাল বিকেল চারটায় সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মেয়েটি ভীতসন্ত্রস্ত। কারও সঙ্গেই কোনো কথা বলছে না। সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে মেয়েটি শুধু বলে, ‘আমার মাথা ঘুরছে। আমি কথা বলতে পারছি না।’ তার গলায় ও মুখে মারপিটের চিহ্ন দেখা যায়।স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হোসেন বলেন, ‘মেয়েটি মানসিক ও শারীরিকভাবে আঘাত পেয়েছে। আমরা চিকিৎসা দিচ্ছি। দুপুর থেকে তার কিছুটা উন্নতি হয়েছে।’মেয়েটির বাবা সাংবাদিকদের বলেন, ‘আমরা তো অনেক দিন ধরে মুখ বুজে আছি। কিন্তু মানসম্মান তো থাকল না। শামীম আমার মেয়েকে মেরে ফেললেও এতটা কষ্ট পেতাম না। ও যা করেছে, তা বলার না। পুলিশকে বলেছি, দেখি তারা কী করে।’ এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে শামীম হোসেনসহ দুজনের বিরুদ্ধে সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।ওই ছাত্রীর বিদ্যালয়ের শিক্ষক বলেন, ‘মেয়েটি মেধাবী ছাত্রী। বখাটেদের অত্যাচারে এর আগে পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। আমি অনেক বুঝিয়ে আবার পড়ালেখা চালু করেছি। তার ওপর যৌন নিপীড়নের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’ সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফয়জুর রহমান জানান, ‘ঘটনার পর থেকে আমরা অভিযুক্ত ব্যক্তিদের আটক করার চেষ্টা করছি। এ পর্যন্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মূল আসামি শামীম ও দুলালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’