বাবা-মায়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা
নোয়াখালী শহরের লক্ষ্মীনারায়ণপুরের বছিরার দোকান এলাকায় বাবা-মায়ের সামনে মো. রাসেল (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে। বছিরার দোকান এলাকায় রাসেলের ওয়েল্ডিং ওয়ার্কশপ রয়েছে। নিহত রাসেলের বাবা সিরাজ মিয়া সাংবাদিকদের বলেন, বেলা দুইটার দিকে ভাত খেয়ে বাড়ির সামনে বের হন রাসেল। এ সময় চার-পাঁচজন যুবক তাঁর ছেলের ওপর অতর্কিতে হামলা চালায়। একপর্যায়ে রাসেল দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়েন। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তিনি এবং তাঁর স্ত্রীর সামনেই রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম থানার এসআই এয়াছিন ফারুক বলেন, নিহত রাসেল এবং ওই হামলাকারীরা একসঙ্গে আড্ডা দিতেন ও চলাফেরা করতেন। পূর্ববিরোধের জের ধরে রাসেলের ওপর হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তিনি আরও বলেন, রাসেলের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে তাঁরা কাজ শুরু করেছেন। তবে সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।