বাবা-মেয়ের ওপর নির্যাতন গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে কুখ্যাত ডাকাত মজিবর রহমান ওরফে বানু (৫০) গণপিটুনিতে নিহত হয়েছেন। গত সোমবার রাত আটটার দিকে বাবাসহ ১০ বছরের এক কন্যাশিশুকে রাস্তায় আটকে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগে স্থানীয় লোকজন ঘটনাস্থলেই ওই ডাকাতকে পিটিয়ে মারে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। নির্যাতনের শিকার চতুর্থ শ্রেণীর ছাত্রী ওই শিশুটিকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির বাড়ি বদরগঞ্জ উপজেলায়। শিশুটির বাবা জানান, উপজেলার ফকিরগঞ্জ গ্রামের এক আত্মীয়র বাড়িতে তিনি ও তাঁর মেয়ে দাওয়াত খেতে যান। রাত আটটার দিকে বাড়ি ফেরার পথে ওসমানপুর-শৌলারপাড়া সড়কের বটতলায় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাঁদের আটক করে। তাঁকে বেঁধে মেয়েকে একটু দূরে নিয়ে যায়। মেয়ের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির চিত্কারে লোকজন ঘটনাস্থল ঘিরে ফেলে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ছোট হাজিপুর ডাঙ্গাপাড়া গ্রামের কুখ্যাত ডাকাত বানু লোকজনের হাতে ধরা পড়েন। পরে লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে।বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কথা হয় শিশুটির সঙ্গে। সে অভিযোগ করে, ফারুক হোসেন ও রওশন আলী তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। চিকিত্সক আমজাদ আলী বলেন, শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে।পুলিশ সূত্র জানায়, ফারুক হোসেন, রওশন আলী ও নিহত মজিবর রহমানসহ পাঁচজনকে আসামি করে মেয়েটির বাবা বাদী হয়ে গতকাল থানায় মামলা করেছেন। এবং গ্রাম পুলিশ সাইদুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা করেন।