দিনাজপুরের বিরামপুরে গতকাল বৃহস্পতিবার ট্রাকের চাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছে। খুলনা, সাতক্ষীরার শ্যামনগর, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁদপুর, বরগুনার আমতলী, কক্সবাজারের টেকনাফ ও ফরিদপুরে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও নয়জন নিহত হন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:দিনাজপুর: বিরামপুরের মির্জাপুর মোড় এলাকায় গতকাল বৃহম্পতিবার ট্রাকের চাপায় সুরেন চন্দ্র (৫০) ও তাঁর মেয়ে মৌ রায় (৫) নিহত হয়েছে। তাদের বাড়ি মির্জাপুর গ্রামে। খুলনা: নগরের সোনাডাঙ্গা থানার সামনে গতকাল একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিরালা আবাসিক এলাকার মোস্তাহিদুর রহমান ওরফে ছোটন (২৪) নিহত হন। সাতক্ষীরা: শ্যামনগর-কালীগঞ্জ সড়কের শ্যামনগর উপজেলার খানপুর এলাকায় গতকাল একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী শ্যামনগর মহসিন কলেজের ছাত্র হীরা বাবু (১৭) নিহত এবং একই কলেজের দুই ছাত্র কামরুল ইসলাম ও রফিকুল ইসলাম আহত হয়। হীরা বাবু শ্যামনগরের নকিপুর গ্রামের সালাউদ্দিন বাপ্পীর ছেলে। চাঁপাইনবাবগঞ্জ: জেলা শহরের উপরাজারামপুর মোড়ে গতকাল বাসের ধাক্কায় ইউসুফ আলী (৪০) নামের এক বাইসাইকেলের আরোহী নিহত হন। এ ঘটনায় জনতা উত্তেজিত হয়ে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। নিহতের বাড়ি উপরাজারামপুর গ্রামে।সিরাজগঞ্জ: জেলা শহরের মঈনউদ্দিন মেমোরিয়াল ক্লিনিকের সামনে বুধবার সিএনজিচালিত একটি অটোরিকশার চাপায় এনায়েত হোসেন (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। নিহতের বাড়ি শহরের তেলকুপি মহল্লায়। চাঁদপুর: জেলা শহরের ষোলঘরের পুলিশ সুপারের কার্যালয়সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা সড়কে বুধবার একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী সৌদি প্রবাসী আবুল কাশেম (৩০) নিহত হন। এ সময় অটোরিকশার যাত্রী শম্ভু পাল (৬৪), মালেক মোল্লা (২৫), রফিক (২৭), মমতাজ (১৯), জান্নাত (২২) ও সোহেল (১৭) আহত হন। একই দিন মতলব দক্ষিণ উপজেলার বাজারে একটি ট্রাকের চাপায় দোকানদার লোকমান হোসেন (৩৫) নিহত হন। আমতলী (বরগুনা): উপজেলার গাজীপুর সড়কে বুধবার একটি ট্রাকের চাপায় আ. মজিদ (৯৫) নামের এক বৃদ্ধ নিহত হন। তাঁর বাড়ি কলাপাড়া উপজেলার খলিলপুর গ্রামে। টেকনাফ (কক্সবাজার): টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের শিলবনিয়া পাড়া এলাকায় বুধবার একটি জিপ একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী কচুবুনিয়া এলাকার মৃত জলিল আহমদের ছেলে নুরু নবী (৩) নিহত হয়। এতে নুরু নবীর মা নূরজাহান বেগম (২৮), ভাই নুর কামাল (৭) ও রিকশাচালক হামিদ হোসেন (২৮) আহত হন। ফরিদপুর: ভাঙ্গা পৌর এলাকার হাশেমদিয়া জামালিয়া মাদ্রাসার সামনে বুধবার মোটরসাইকেলের চাপায় সলেমান শেখ (৭৫) নিহত হন। নিহতের বাড়ি ভাঙ্গা পৌরসভার আতাদী গ্রামে।