বাবা-মেয়ের প্রাণ গেল, মা সংকটাপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি ও তাঁর চার বছরের মেয়ে নিহত হয়েছে। এতে গুরুতর আহত হন ওই ব্যক্তির স্ত্রী। বুধবার সকাল নয়টার দিকে উপজেলার কাঁঠালতলা এলাকার বাগেরহাট-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম আনিসুজ্জামান আনিস (৪০) এবং তাঁর মেয়ের নাম রামিশা। নিহত আনিস বাগেরহাট শহরের পিসি কলেজ সড়ক এলাকার বাসিন্দা। তাঁর স্ত্রী রোজিনা আক্তার (২৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায়।

নিহত আনিসুজ্জামানের বড় মামা মিকাইল মল্লিক প্রথম আলোকে বলেন, আনিসদের গ্রামের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের প্রতাবকাঠী গ্রামে। ছোটবেলা থেকে তিনি বাগেরহাটে তাঁর নানাবাড়িতে বড় হয়েছেন এবং এখানেই থাকেন।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, স্ত্রী ও সন্তানকে নিয়ে আনিসুজ্জামান মোটরসাইকেলে করে বাগেরহাট থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। পথে মেঘনা পরিবহনের একটি বাস তাঁদের ধাক্কা দিলে তিনজনই ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই আনিসুজ্জামানের মৃত্যু হয়। স্থানীয় লোকজন মা ও মেয়েকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে রামিশা মারা যায়।

ওসি কে এম আজিজুল ইসলাম জানালেন, হাসপাতালে চিকিৎসাধীন রোজিনা আক্তারের শারীরিক অবস্থাও সংকটাপন্ন। তিনি বলেন, মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়া মেঘনা পরিবহনের বাসটি বাগেরহাটের শরণখোলা থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের একটি ফিলিংস্টেশন থেকে আটক করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।