বাবা-মেয়েসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা এলাকায় গতকাল শুক্রবার বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন।
নিহত ব্যক্তিরা হলেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামের মো. কালু মিয়া (৪৮), তাঁর মেয়ে রিনা আকতার (১৫), শাশুড়ি কালা খাতুন (৫৫) ও চকরিয়া পৌরসভার পূর্ব নিজপানখালী গ্রামের আলী রিয়াজ (২২)।
দুর্ঘটনায় কালু মিয়ার স্ত্রী সাবেকুন্নাহার (৩৫), মেয়ে সাকেরা আকতার (৮), ছেলে মো. শাহেদুল ইসলাম (৫) ও জিপচালক বদিউল আলমসহ (৫০) নয়জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজার থেকে একটি জিপ গাড়ি (স্থানীয়ভাবে টাটা ম্যাজিক নামে পরিচিত) চকরিয়া পৌরশহরের দিকে যাচ্ছিল। ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা এলাকায় কক্সবাজারমুখী একটি বাসের সঙ্গে জিপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিপের সব যাত্রী হতাহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা চারজনকে মৃত ঘোষণা করেন। বিকেলে আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মালুমঘাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আশিকুর রহমান বলেন, নিহত চারজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, গাড়ি দুটি জব্দ করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
লক্ষ্মীপুরে নিহত ১: লক্ষ্মীপুর প্রতিনিধি বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার চরচামিতা বাজার এলাকায় গতকাল ভোরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মো. মিলন হোসেন (২৮) নামের একজন নিহত ও ১০ যাত্রী আহত হয়েছেন।