মানবতাবিরোধী অপরাধের বিচার :সুবহানের বিরুদ্ধে মামলা
বাবা হত্যার বর্ণনা দিলেন রাষ্ট্রপক্ষের এক সাক্ষী

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী শহিদুল্লাহ (৬৪)। জবানবন্দিতে তিনি একাত্তরে রাজাকার-আলবদরদের হাতে তাঁর বাবা হত্যার বর্ণনা দিয়ে বলেন, তাঁর বাবাকে সেনাক্যাম্পে ধরে নিয়ে যাওয়ার পর সুবহান বলেছিলেন, ছেলেদের (তাঁদের) মুক্তিযুদ্ধ থেকে ফিরিয়ে আনলে তাঁকে ছেড়ে দেবেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শহিদুল্লাহর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজিয়া সুলতানা। জবানবন্দিতে শহিদুল্লাহ বলেন, তাঁদের বাড়ি পাবনা সদরে। তাঁর বাবা শেখ কোবাদ আলী। তাঁরা দুই ভাই মুক্তিযুদ্ধে অংশ নেন। একাত্তরের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এক রাতে একটি সাদা গাড়ি ও পাকিস্তানি সেনাবাহিনীর একটি পিকআপ তাঁদের বাড়ির সামনে আসে ও তাঁর বাবাকে গ্রেপ্তার করে নূরপুর সেনাক্যাম্পে নিয়ে যায়। সেখানে নির্যাতনের পর সুবহান পাকিস্তানি সেনাদের সামনে তাঁর বাবাকে বলেন, ‘তোমার দুই ছেলে মুক্তিযোদ্ধা। ওদের ফিরিয়ে আনলে তোমাকে ছেড়ে দেব। ওদের রাজাকার বানাব।’
রাষ্ট্রপক্ষের সাক্ষী আরও বলেন, তাঁর মা ওই ক্যাম্পে গিয়ে বাবাকে ছাড়ানোর জন্য কাকুতি-মিনতি করেন। তখন সুবহান তাঁর মাকে বলেন, ‘জানের ভয় করো না, তোমার ছেলে দুটিকে ফিরিয়ে আনো।...তোমার স্বামীকে ছেড়ে দেব।’ একপর্যায়ে তাঁর বাবাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাঁকে আদালতে চালান করে। পরে অসুস্থতার জন্য আদালত তাঁকে মুক্তি দেন। জামিনে থাকা অবস্থায় তাঁর বাবা ১৩ অক্টোবর মাগরিবের নামাজ পড়ে আসার পথে রাজাকার ও আলবদররা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। ১৯ ডিসেম্বর পাবনা মুক্ত হলে তাঁর মা ও আত্মীয়দের কাছে তিনি বাবার হত্যাকাণ্ডের বর্ণনা শোনেন।
সাক্ষী হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন ও বাবার হত্যার বিচার চান। জবানবন্দির শেষ পর্যায়ে তিনি আসামির কাঠগড়ায় থাকা সুবহানকে শনাক্ত করেন। জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।