বাবা হত্যার বিচার চাইল শ্রমিকনেতা আমিনুলের মেয়ে
মা বলে দিয়েছেন, কথা বলতে হবে, কান্না করা যাবে না। তাই গলা ধরে এলেও নিজেকে সামলে নিয়ে মঞ্চে জড়োসড়ো হয়ে বসেছিলে সায়মা আক্তার। কিন্তু বাবার হত্যাকাণ্ডের বিচার চাইতে গিয়ে চোখের পানি আর ধরে রাখতে পারেনি ১৫ বছরের এই কিশোরী। তার বাবা শ্রমিক সংগঠক আমিনুল ইসলাম গত ৪ এপ্রিল আশুলিয়া থেকে নিখোঁজ হন। ৫ এপ্রিল পুলিশ তাঁর ক্ষতবিক্ষত লাশ পায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘাটাইল থানা এলাকায়।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় ‘আমিনুলের জন্য ন্যায়বিচার দাবি কার্যক্রম’ শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যসহ আমিনুলের মেয়ে বক্তব্য দেয়। আমিনুল বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি (বিসিডব্লিউএস) নামে একটি বেসরকারি সংস্থার সংগঠক এবং শ্রমিক সংগঠন বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা ছিলেন। সভায় ছয় সদস্যের ‘ন্যায়বিচার দাবি কমিটি’ ঘোষণা করা হয়। আমেরিকান সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার সলিডারিটির জ্যেষ্ঠ কাউন্সিলর এ কে এম নাসিম ও বিসিডব্লিউএসের নির্বাহী পরিচালক কল্পনা আক্তারকে কমিটির সমন্বয়ক করা হয়েছে। আমিনুলের মেয়ে সায়মাসহ চারজন সদস্য রয়েছেন এই কমিটিতে। কমিটি গঠন সম্পর্কে এ কে এম নাসিম বলেন, ‘বাংলাদেশে যেকোনো হত্যাকাণ্ডের তদন্ত দুই-চার মাস পর থিতিয়ে যায়। কিন্তু আমরা আমিনুলের ঘটনার শেষ দেখতে চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমিনুলের হত্যাকারীদের খুঁজে বের করতে এ কমিটি পুলিশকে সাহায্য করবে।’সভায় বেসরকারি সংস্থা অধিকার-এর সভাপতি সিআর আবরার বলেন, ‘আমিনুল হত্যার বিচার দাবিতে এখন সবার একত্র হওয়া দরকার। যাঁরা সত্য বলতে চান, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে চান, এ রকম ঘটনা তাঁদের যে কারও জীবনে ঘটতে পারে।’জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শফিউল ইসলাম বলেন, গুপ্তহত্যা, গুমের রহস্য উদ্ঘাটিত হচ্ছে না। এর পেছনে সরকার, কোনো সংগঠন বা ব্যক্তি—যেই থাকুক না কেন, তাদের খুঁজে বের করতে হবে।