বাবা ‘জারজ’ বলায় যুবকের আত্মহত্যা
প্রকাশ্য সালিস বৈঠকে জন্মদাতা বাবা ‘জারজ’ বলে গালি দেওয়ায় ইসমাইল হোসেন (২৪) নামে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার সকালে পুলিশ চট্টগ্রামের খুলশী থানাধীন জালালাবাদ সি বিচ হাউজিং সোসাইটির পাহাড়ি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে।জানা গেছে, ইসমাইল চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পাওয়ার টেকনোলজি বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র ছিলেন।এলাকাবাসী জানান, ইসমাইলের মা শাকসবজি বিক্রি এবং বাসাবাড়িতে কাজ করে ছেলের লেখাপড়ার খরচ জোগাতেন। ইসমাইল নিজেও টিউশনি করতেন। তাঁর বাবা মনির হোসেন মাটি কাটার শ্রমিক। তিনি ছেলের পড়াশোনার খরচ দিতেন না। মনিরের আরও দুজন স্ত্রী রয়েছেন।প্রতিবেশীরা জানান, গত বৃহস্পতিবার ইসমাইলের বাবা মনির হোসেনের সঙ্গে ইসমাইলের খালা জোলেখা বেগমের ঝগড়া হয়। একপর্যায়ে জোলেখা মনিরের মাথায় আঘাত করে তাঁকে আহত করেন।মনির ও জোলেখার বিরোধ মীমাংসার জন্য গত শনিবার রাতে সালিস ডাকা হয়। সালিস বৈঠকে ইসমাইল তাঁর খালার পক্ষে কথা বলছিলেন। এ সময় বাবা মনির উত্তেজিত হয়ে ইসমাইলকে বলেন, ‘তুই তো আমার ছেলে না। তুই জারজ। নইলে জোলেখার পক্ষে কথা বলছিস কেন?’ এতে উপস্থিত সবাই হাসাহাসি করলে ইসমাইল লজ্জা পান।খুলশী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুল হক প্রথম আলোকে জানান, সালিসের লোকজন হাসাহাসি করলে ইসমাইলের আত্মসম্মানে লাগে। একপর্যায়ে তিনি দৌড় দিয়ে পাহাড়ের দিকে চলে যান এবং রাতেই গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।ঘটনার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তালাত মাহমুদ প্রথম আলোকে জানান, লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে খুলশী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।