বাবার সন্দেহই কাল হলো নয় মাসের শিশু ইরামের। অন্য লোকের সঙ্গে ইরামের মায়ের সম্পর্ক আছে এমন ধারণা থেকেই বাবা মোহাম্মদ সেলিম নিজ হাতে গলা টিপে ইরামকে খুন করে লাশ চুবিয়ে রাখেন বালতিতে। গত ২৭ ফেব্রুয়ারি পুলিশ পাইকপাড়ার ভাড়া বাসা থেকে ইরামের লাশ উদ্ধার করে।পুলিশ গত বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করে। গতকাল শুক্রবার সেলিম পুলিশকে এমনই তথ্য দিয়েছেন। পরে সেলিম আদালতে লিখিত স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, ঘটনার ১৯ দিন পর বৃহস্পতিবার রাতে পুলিশ সেলিমকে বরিশাল থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সেলিম পুলিশকে জানান, তাঁর স্ত্রীর অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে, দীর্ঘদিন থেকেই তিনি এমন সন্দেহ করতেন। একপর্যায়ে সেলিমের ধারণা জন্মায় যে শিশু ইরাম তাঁর নিজের ছেলে নয়। ২৭ ফেব্রুয়ারি স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় সেলিমের। ঝগড়ার একপর্যায়ে স্ত্রী বাসা ছেড়ে বেরিয়ে যান। তখন সেলিম শিশু ইরামকে গলা টিপে ধরে হত্যা করে লাশটি বাথরুমের একটি বালতিতে চুবিয়ে পালিয়ে যান।সেলিম একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন। গ্রেপ্তারের পর গতকাল তাঁকে ঢাকা মহানগর হাকিমের আদালতে নেওয়া হলে সেখানে ১৬৪ ধারায় লিখিত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সেলিম।