বাবাকে অপহরণের নেতৃত্বে ছিলেন মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শহীদ অধ্যাপক সিরাজুল হক খানের ছেলে এনামুল হক খান (৬৫)। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ১৪ ডিসেম্বর তাঁর বাবাকে অপহরণের নেতৃত্বে ছিলেন মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এনামুল হকের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। এনামুল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। এ মামলায় রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী ও শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদকে আসামিপক্ষের জেরা শেষে তাঁর সাক্ষ্য গ্রহণ করা হয়।
জবানবন্দিতে এনামুল হক বলেন, তাঁর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষা প্রশাসন বিভাগের অধ্যাপক ছিলেন। সেই সুবাদে তাঁরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় শিক্ষকদের বাসায় থাকতেন। তাঁর বাবা পাকিস্তান সরকারের বৈষম্যমূলক শিক্ষার বিরুদ্ধে বিভিন্ন সভা ও সেমিনারে বক্তব্য দিতেন, এ জন্য তিনি পাকিস্তানি সরকার ও তাদের দোসরদের লক্ষ্যে পরিণত হন। একাত্তরের ১৪ ডিসেম্বর সকাল সাড়ে আটটা বা পৌনে নয়টার দিকে ফুলার রোডে তাঁদের বাসার সামনে একটি কাদামাখা মাইক্রোবাস থামে। সেখান থেকে পাঁচ-সাতজন যুবক অস্ত্র নিয়ে নেমে চারতলায় তাঁদের বাসায় এসে বাবার খোঁজ করে। দরজা খুলে তাঁর চাচা বলেন, তাঁর বাবা নিচতলায় অধ্যাপক ইসমাইলের বাসায় আছেন। আগন্তুকেরা সেখানে গিয়ে তাঁর বাবাকে ধরে তাঁর পকেটে থাকা রুমাল দিয়ে তাঁর চোখ বেঁধে ওই মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। ঘটনাটি তিনি ও চাচা বারান্দা থেকে দেখেন। এ সময় তাঁরা শোনেন, ওই দিন বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আরও কয়েকজন শিক্ষককে এভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে। পরদিন কারফিউ থাকার কারণে তাঁরা বাসা থেকে বের হতে পারেননি। ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনারা আত্মসমর্পণের পর তাঁরা বিভিন্ন স্থানে বাবার খোঁজ করে তাঁকে পাননি। জবানবন্দির এ পর্যায়ে সাক্ষী কেঁদে ফেলেন।
এনামুল হক খান বলেন, ১৯৭২ সালের জানুয়ারির প্রথম দিকে গোয়েন্দা কর্মকর্তা সামাদ তালুকদারের সহায়তায় কাদামাখা ওই মাইক্রোবাসের চালক মফিজকে তাঁদের বাসায় আনা হয়। মফিজ ছবি দেখে বাবাকে অপহরণের বিষয়টি নিশ্চিত করেন। মফিজ জানান, তাঁর বাবাসহ মোট আটজনকে গাড়িতে করে মিরপুরের মাজার রোডের কাছে নেওয়া হয়। সেখানে আশরাফুজ্জামান নিজ হাতে ব্রাশফায়ার করে তাঁদের হত্যা করেন। পরে একটি গর্তে (বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছে) তাঁদের মাটিচাপা দেওয়া হয়। মফিজের বর্ণনামতে সামাদ তালুকদার, মিরপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৪ জানুয়ারি ওই গর্ত থেকে তাঁর বাবাসহ অন্যদের অর্ধগলিত লাশ তোলা হয়। তিনি তাঁর বাবার বেল্ট, পরিচয়পত্র ও প্যান্ট দেখে লাশ শনাক্ত করেন। ওই গর্তে অধ্যাপক গিয়াসউদ্দিন, আনোয়ার পাশা, রাশীদুল হাসান, আবুল খায়ের, ফাইজুল মাহি, সন্তোষ চন্দ্র ও চিকিৎসক মর্তুজার লাশ পাওয়া যায়। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়। সেখানে অধ্যাপক গিয়াসউদ্দিনের ভাগনি মাসুদা বানুর কাছে তাঁর মামাকে ধরে নিয়ে যাওয়ার যে বর্ণনা শোনেন তার সঙ্গে তাঁর বাবাকে ধরে নিয়ে যাওয়ার সঙ্গে হুবহু মিল পান। মাসুদা বানু ছাত্ররাজনীতিতে যুক্ত থাকায় ওই দিন দুই অপহরণকারীকে চিনতে পারেন। ওই দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র সংঘের (জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্রসংগঠন) নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, বাহাত্তরের ১৩ জানুয়ারি পূর্বদেশ পত্রিকায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের ছবি দেখে তিনি নিশ্চিত হন, তাঁর বাবাকে অপহরণের দিন এই দুজন নেতৃত্বে ছিলেন। সামনে ছিলেন আশরাফুজ্জামান, ঠিক পরেই ছিলেন মুঈনুদ্দীন। সাক্ষী তাঁর বাবা হত্যার বিচার চান।
জবানবন্দি শেষে এনামুল হককে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই। একপর্যায়ে আইনজীবী মত (সাজেশন) দেন, আপনার বাবার অপহরণের সঙ্গে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন না। জবাবে তিনি বলেন, তিনি শতভাগ নিশ্চিত যে ওই দুজন তাঁর বাবাকে অপহরণ করেছেন।
আপনার বাবাকে অপহরণে ব্যবহূত মাইক্রোবাসের চালক মফিজ কি দালাল আইনে গ্রেপ্তার হয়েছিলেন? আইনজীবীর এ প্রশ্নে সাক্ষী বলেন, তাঁর জানা নেই। এনামুল হকের জেরা শেষে এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।