বাবাকে আলবদর ধরে নিয়ে যায়: আসিফ মুনীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তর সালের ১৪ ডিসেম্বর ঢাকার সেন্ট্রাল রোডের বাড়ি থেকেই আলবদর বাহিনীর সদস্যরা বাবা মুনীর চৌধুরীকে ধরে নিয়ে যায়। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাক্ষ্য দেওয়ার সময় শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছোট ছেলে আসিফ মুনীর এ কথা বলেন।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনের বিরুদ্ধে আজ রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মাসুদা বানুর সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। এরপর রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া শুরু করেছেন আসিফ মুনীর।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আসিফ মুনীরের জবানবন্দি নিচ্ছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।

জবানবন্দিতে আসিফ মুনীর বলেন, তাঁরা তিন ভাই। একাত্তরে মুক্তিযুদ্ধকালে তাঁর বয়স ছিল চার বছর। মুক্তিযুদ্ধের সময় তাঁর বড় ভাই আহমেদ মুনীর মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মেজো ভাই মিশুক মুনীর ২০১১ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান। তাঁর মা লিলি চৌধুরী এখনো বেঁচে আছেন। তবে ভাইয়ের আকস্মিক দুর্ঘটনার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি জনসমক্ষে কথা বলার মতো অবস্থায় নেই। তাঁর দাদা চাকরির কারণে বিভিন্ন স্থানে বদলি হতেন। তাই স্থায়ীভাবে ঢাকার সেন্ট্রাল রোডে বাড়ি করেন। এই বাসাতেই থাকতেন তাঁর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মুনীর চৌধুরী। একাত্তর সালের ১৪ ডিসেম্বর এই বাড়ি থেকেই আলবদর বাহিনীর সদস্যরা তাঁর বাবাকে ধরে নিয়ে যায়।

আসিফ মুনীর আরও বলেন, তাঁর বাবা একাধারে নাট্যকার, গল্পকার, প্রাবন্ধিক, ভাষাতাত্ত্বিক ও শিক্ষক ছিলেন। তবে তিনি নাট্যকার হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। তিনি পঞ্চাশের দশকে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে রাজনীতি থেকে সরে আসেন। পাকিস্তান সরকারের বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ড ও স্বার্থান্বেষী পদক্ষেপের সমালোচনা করতেন তিনি। ভাষা আন্দোলনের সময় তিনি সংগঠক হিসেবে কাজ করার কারণে তাঁকে কারাগারে থাকতে হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ১৯৫৩ সালে তিনি কারাগারে বসেই ‘কবর’ নাটকটি রচনা করেন।  জবানবন্দি অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।

এই ট্রাইব্যুনালে গতকাল রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্য দেয়। এরপর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদের ভাগনি মাসুদা বানু। আজ তাঁকে জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই।