বাবাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবাকে কিরিচ দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে সন্ত্রাসী দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সাদেকের পাড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।এলাকাবাসী জানান, সাদেকের পাড়া গ্রামের বাসিন্দা মো. মুছাকে (৬০) তাঁর ছেলে সহিদুল ইসলাম (৩৪) ও মাসুদ পারভেজ (৩২) গত ২ ফেব্রুয়ারি রাত নয়টায় কিরিচ দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। প্রতিবেশী লোকজন মুছাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলেও বিষয়টি নিয়ে কালক্ষেপণ করেন তিনি।ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক মিয়া বলেন, মুছার দুই ছেলে সন্ত্রাসী। ফলে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয় মুছাকে। মুছা জানান, পারিবারিক বিরোধের জের ধরে দুই ছেলে কিরিচ দিয়ে কুপিয়ে তাঁকে হত্যার চেষ্টা করে। এতে দুজনের শ্বশুরদের ইন্ধন রয়েছে।রাঙ্গুনিয়া থানার ওসি মনজুর মোর্শেদ বলেন, অভিযোগের ভিত্তিতে দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মারামারিসহ ছয়-সাতটি মামলা রয়েছে। গতকাল সকালে দুই ছেলেকে চট্টগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।