বাবাকে খুঁজে ফেরা ছেলেটি নিজেই হারিয়ে যাবেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওহিদুর রহমান, বার্ন ইউনিটে চিকিৎসাধীন
ওহিদুর রহমান, বার্ন ইউনিটে চিকিৎসাধীন

ওহিদুর রহমানের দিকে তাকানো যাচ্ছে না। হালকা গড়নের ছেলেটির মুখটা প্রচণ্ড ফুলে উঠেছে। চামড়া উঠে মাংস বেরিয়ে গেছে কোথাও। চোখ মেলতে পারছেন না তিনি। মুখ, বুকসহ দুই হাতে ব্যান্ডেজ।
বৃহস্পতিবার রাতে শাহবাগে বাসে দেওয়া আগুনে অন্যদের সঙ্গে পুড়ে গেছে ওহিদুরের শরীরও। এ বছরই ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন তিনি।
ওহিদুর রহমান ওরফে বাবুর বয়স খুব বেশি হলে ২০ বছর হবে। আড়াই বছর ধরে নিখোঁজ তাঁর বাবা গণপূর্ত অধিদপ্তরের জরিপকারক হাজি ওয়াজিউল্লাহ (৮০)। বাবার খোঁজে সদ্য কৈশোরোত্তীর্ণ ছেলেটি ছুটে বেড়াতেন বিভিন্ন জায়গায়। এখন তাঁর সবকিছু থেমে যাওয়ার উপক্রম। চিকিৎসকেরা বলছেন, শ্বাসনালিসহ শরীরের ২৮ শতাংশ পুড়ে যাওয়া ওহিদুর এখন মৃত্যুর প্রহর গুনছেন।
বাবার খোঁজে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন দপ্তরে, গণমাধ্যমের কার্যালয়ে ঘুরে বেড়াতেন ওহিদুর। সেই সুবাদেই তাঁর সঙ্গে পরিচয়। মানুষের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে ঘাত-প্রতিঘাতে যেন বয়সের চেয়ে পরিপক্ব হয়ে উঠেছিলেন তিনি। প্রায়ই ফোন করে বিভিন্ন ঘটনার খবর দিতেন। মাঝেমধ্যেই আসতেন প্রথম আলোর কার্যালয়েও। শুধু বলতেন, ‘ভাইয়া, বাবার লাশটা পাইলেও তো একটা কবর হইত। আমি তো অভাগা, বাবার কবরটা জিয়ারতও করতে পারব না। ওদের বলেন, আমারে খালি বাবার কবরটা করার সুযোগ দেবে। আমি সব মেনে নেব।’
ওহিদুরের ফেসবুকের পাতায় তাঁর বাবার অনেক ছবি আছে। সেখানে মাঝেমধ্যেই তিনি বাবার কথা লিখে সাংবাদিকদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতেন। সর্বশেষ ঈদের আগে ফেসবুকের পাতায় ওহিদুর লিখেছেন, ‘বাবা ছাড়া আরেকটা ঈদ কাটালাম। যত আনন্দ করি না কেন, প্রতিটা কদমে বাবা না থাকার কষ্টটা অনুভব করলাম। আল্লাহ তুমি বাবাকে সুখে রাখিও।’
সেই ওহিদুর এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ধুঁকছেন। মুখে অক্সিজেন মাস্ক। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা খুব খারাপ।
ওহিদুরের ভাই মজিবর রহমান বলেন, ঘটনার পর থেকেই ওহিদুর অনেক সংবাদকর্মীর নাম ধরে তাঁদের সঙ্গে কথা বলতে চাইছিলেন। গতকাল দুপুরে মজিবর প্রথম আলোর প্রতিবেদকসহ দুজন সংবাদকর্মীকে সঙ্গে নিয়ে ওয়ার্ডে ঢুকে ওহিদুরের সঙ্গে দেখা করিয়ে দেন। চোখ মেলতে পারছেন না তিনি। তবে গলার স্বর শুনেই চিনে ফেলেছেন এই প্রতিবেদককে। হাত নেড়ে ইশারা দিলেন কাছে যাওয়ার জন্য। কাছে যেতেই বললেন, ‘ভাইয়া, আমি তো পুরো ঘটনা বলতে পারব না। পাশের বেডের আন্টি পুরো ঘটনা দেখেছেন। আপনি ওনার ইন্টারভিউ নেন।’ চোখ ভিজে এল।
মা সালেহা খাতুন, ভাই মজিবর তাকিয়ে তাকিয়ে দেখছেন। চোখের সামনেই যেন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে ওহিদুরের জীবনীশক্তি। কারোরই কিছু করার নেই, দোয়া করা ছাড়া।