বাবাকে খুন করে ছেলেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে রফিজ উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা তাঁর ছেলে মোস্তফা শেখকে (৩২) অপহরণ করে নিয়ে গেছে। গতকাল শুক্রবার ভোরে মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের খাউলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।একই দিন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামে সুমন শেখ (১৫) নামে এক কিশোর খুন হয়েছে। সুমন ওই গ্রামের সাবেদ আলীর ছেলে।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, উপজেলার খাউলিয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে মোস্তফা শেখের সঙ্গে একই উপজেলার ভাইজোড়া গ্রামের রহমান শেখের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে মোস্তফা তাঁর স্ত্রীকে নিয়ে ভারতের দিল্লিতে বসবাস করতেন। আড়াই মাস আগে মোস্তফা দেশে ফিরে সম্প্রতি আরেকটি বিয়ে করেছেন। এই বিয়ের খবর জানতে পেরে মোস্তফার শ্যালক সোবাহান ক্ষুব্ধ হয়ে লোকজন নিয়ে গতকাল ভোরে রফিজ উদ্দিনের বাড়িতে যায়। এ সময় সোবাহান তার ভগ্নিপতি মোস্তফাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মোস্তফার বাবা রফিজ উদ্দিন বাধা দেন। এ সময় সোবাহান ও তার লোকজন লাঠিসোঁটা দিয়ে বেদম পেটালে ঘটনাস্থলেই রফিজ উদ্দিন মারা যান। পরে সোবাহান শেখ ও তার লোকজন মোস্তফা শেখকে অপহরণ করে নিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, দুই দিন আগে কথা-কাটাকাটির জের ধরে জুয়েল বৈরাগী নামে একজন সুমন শেখকে মারধর করে। এরপর বৃহস্পতিবার রাতে সুমন একা একটি ঘরে ঘুমিয়ে থাকে। গতকাল সকালে উঠে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। তাকে হত্যা করা হয়েছে অভিযোগ পেয়ে পুলিশ গতকাল বেলা ১১টার দিকে গিয়ে লাশ উদ্ধার করে।টুঙ্গিপাড়া থানার ওসি হাবিবুল্লাহ জানান, বৃহস্পতিবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় মধুমতী নদী থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাটুলি গ্রামের আবু সাঈদের ছেলে মো. রফিকের (২৫) বলে শনাক্ত করা হয়। তিনি সোমবার বাগেরহাটের মোল্লারহাটের সোনাপুরায় একটি পাথরবাহী জাহাজের মাল খালাসের কাজ করার সময় বজ্রপাতের সময় পানিতে পড়ে নিখোঁজ হন। বৃহস্পতিবার জেলেরা মাছ ধরার সময় লাশটি পান।