বাবাকে ছাড়াতে অনুনয় করলেও আলীম কর্ণপাত করেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১২তম সাক্ষী লাইলী বেগম (৬৪ )। জবানবন্দিতে তিনি বলেছেন, মুক্তিযুদ্ধকালে তাঁর বাবাকে ছাড়াতে তিনি, তাঁর ভাই, মামা ও জেঠা শান্তি কমিটির কার্যালয়ে গিয়ে আলীমের কাছে অনুনয়-বিনয় করলেও তিনি কর্ণপাত করেননি।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ লাইলী বেগমের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।জবানবন্দিতে লাইলী বেগম বলেন, তাঁর বাবা একাত্তরে শহীদ চিকিৎসক আবুল কাশেম জয়পুরহাট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট হোমিও চিকিৎসক ছিলেন। তাঁর বাবার বাড়ি জয়পুরহাটের দেবীপুর গ্রামে ও শ্বশুরবাড়ি জামালপুর গ্রামে। একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর তাঁর বাবা জয়পুরহাটে সংগ্রাম পরিষদ গঠন করেন। ২০ এপ্রিল রাতে বাবা তাঁর বাড়িতে এলে শোনেন, সেদিন সন্ধ্যায় সংগ্রাম পরিষদের লোকজন আলীমকে ধরতে তাঁর বাড়িতে গেলে তিনি পালিয়ে যান।লাইলী বেগম বলেন, একাত্তরের ২৩ জুলাই বাবা তাঁকে বাড়িতে নিয়ে যান। পরদিন রাত তিনটার দিকে অনেক রাজাকার, আলবদর ও পাকিস্তানি সেনা তাঁদের বাড়ি ঘিরে ফেলে দরজায় টোকা দেয়। তাঁর বড় ভাই নজরুল ইসলাম দরজা খুললে চারজন পাকিস্তানি সেনা, রাজাকার, আলবদর সদস্যরা বাবার ঘরে ঢুকে বলেন, আবদুল আলীম তাঁকে ডেকে পাঠিয়েছেন। বাবা বের হতে না চাইলে তারা বাবার চুল ধরে টেনে ঘর থেকে বের করে। বাবাকে ধরে নিয়ে যাওয়ার সময় তিনি এবং ভাই নজরুল অন্ধকারে তাদের অনুসরণ করেন। বাবাকে প্রথমে তেঘরা সেতুর কাছে রাজাকার ক্যাম্পে নেওয়া হয়। কিছুক্ষণ পর চোখ ও হাত বেঁধে তাঁকে জয়পুরহাট রেলস্টেশনে নেওয়া হয়। তাঁকে পরদিন সকালে রক্তাক্ত ও জখম অবস্থায় শহরে শাওনলাল বাজলার গদিঘরে অবস্থিত শান্তি কমিটির কার্যালয়ে শান্তি কমিটির চেয়ারম্যান আলীমের কাছে নেওয়া হয়। তাঁরা দুই ভাইবোন সব দেখে সেখান থেকে দেড় কিলোমিটার দূরে বাড়ি ফেরেন।রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, বাড়ি ফিরলে তাঁর জেঠা কাজী মফিজউদ্দিন, মামা মালেক সরদার এবং তিনি ও ভাই আলীমের শান্তি কমিটির অফিসে যান। বাবাকে ছেড়ে দিতে সেখানে আলীমের কাছে তাঁরা অনুনয়-বিনয় করলেও তিনি কর্ণপাত করেননি। পরদিন বেলা তিনটার দিকে রাজাকার আতিকউল্লাহ বিহারি বাড়িতে এসে জানায়, পাঁচ হাজার টাকা দিলে বাবাকে ফিরিয়ে দেবে। তাকে পাঁচ হাজার টাকা দিলে কিছুক্ষণ পর সে আবার এসে জানায়, ‘আলীম বসের হুকুমে ডাক্তারকে (আবুল কাশেম) কুটিবাড়ী ঘাটে নিয়ে মারা হবে।’ কিছুক্ষণ পর সিরাজ নামের একজন এসে জানায়, ‘রাজাকাররা আলীমের কথামতো তাঁর বাবার দুই চোখ উপড়ে ফেলেছে এবং সামনের দাঁত ভেঙে ফেলেছে।’ লাইলী বলেন, তাঁর বাবাকে ২৫ জুলাই কুটিবাড়ী ঘাটে নেওয়া হয়। পরদিন সন্ধ্যার আগে তাঁরা জানতে পারেন, তাঁর বাবা ও আরও একজনকে মেরে কুটিবাড়ী ঘাটে এক কবরে মাটিচাপা দেওয়া হয়েছে।লাইলী বেগম বলেন, ১৯৭২ সালের নভেম্বরে ওই দুজনের লাশ সেখান থেকে তুলে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দুটি লাশই গুলিবিদ্ধ ছিল।জবানবন্দির শেষ পর্যায়ে সাক্ষী ট্রাইব্যুনালে থাকা আলীমকে শনাক্ত করেন এবং বাবার হত্যার বিচার চান। জবানবন্দি শেষে লাইলী বেগমকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।