বাবাকে ছুরি দিয়ে আঘাত করেন আবদুস সুবহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী তহুরুল আলম মোল্লা। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ১৭ এপ্রিল ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তাঁর বাবাকে ছুরি দিয়ে আঘাত করেন আবদুস সুবহান। পরে সুবহানের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর বাবাকে হত্যা করে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তহুরুল আলমের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। এ সময় আসামির কাঠগড়ায় সুবহান হাজির ছিলেন।
জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলায়ও তহুরুল আলম মোল্লা রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন। গত বছরের ৮ সেপ্টেম্বর তিনি রাষ্ট্রপক্ষের ২০তম সাক্ষী হিসেবে নিজামীর বিরুদ্ধে সাক্ষ্য দেন। ওই সময়ও তিনি তাঁর বাবার মৃত্যুর একই ধরনের বিবরণ দেন।
জবানবন্দিতে তহুরুল আলম (৬২) বলেন, তাঁর বাড়ি পাবনার ঈশ্বরদীতে। একাত্তরের ২৬ মার্চের পর তাঁর মা ও ভাইবোনদের গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। তিনিও গ্রামের দিকে চলে যান। তাঁর বাবা মোয়াজ্জেম হোসেন, মামা ও ফুফাতো ভাই নিরাপদ ভেবে ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদে আশ্রয় নেন। ১৭ এপ্রিল বিকেল পাঁচটার দিকে তিনি বাবার খোঁজে ঈশ্বরদী যান। এক বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি রেললাইনের পাশে কয়লার ডিপোর কাছে জঙ্গলের মধ্যে লুকানো অবস্থায় দেখেন, আবদুস সুবহান, মতিউর রহমান নিজামী ও খোদাবক্স প্রমুখ তাঁর বাবাকে মসজিদ থেকে টানতে টানতে পাশের কয়লার ডিপোর কাছে নিয়ে যান। সুবহান একটি ছুরি নিয়ে তাঁর বাবাকে আঘাত করলে তিনি ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে ওঠেন। পরে সুবহানের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করে।
তহুরুল আলম বলেন, ১৮ এপ্রিল তিনি বাবার লাশ আনার জন্য একই জায়গায় গিয়ে ফুফাতো ভাই মতলেব আহমেদ খান ও তাঁর ছেলে নাজমুল হক খানকে নৃশংসভাবে খুন হতে দেখেন।
জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় হাজির সুবহানকে শনাক্ত করেন সাক্ষী। পরে তাঁকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।