বাবাকে ডাকতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ভাইবোনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলায় বজ্রপাতে ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চর শুল্লাকিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো লিপি আক্তার (১২) ও তার ভাই শরিফুল ইসলাম (৮)। তারা চর শুল্লাকিয়া গ্রামের দিন মজুর খুরশিদ আলমের সন্তান। লিপি চর শুল্লাকিয়া কাজিপাড়া ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। আর শরিফুল একই এলাকার নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

প্রতিবেশী মো. হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, বিকেলে লিপি ও শরিফুল মাদ্রাসা থেকে বাড়ি ফেরে। তখন তাদের বাবা খুরশিদ আলম বাড়ির পাশের মাঠে ঘাস কাটছিলেন। মা সুফিয়া বেগম আকাশে মেঘ দেখে লিপি ও শরিফুলকে তাদের বাবাকে ডেকে আনতে বলেন। বাবাকে ডাকতে বের হতেই বজ্রপাতের শিকার হয় তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।