বাবাকে দেওয়া কথা রাখতে পারেননি প্রকৌশলী নেজাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আব্বা, আমরা মালয়েশিয়া ছেড়ে যাচ্ছি। আগামী রোববার বা সোমবার দেশে ফিরে আসব।’ কিন্তু বাবাকে দেওয়া সেই কথা রাখতে পারেননি এমভি হোপের দ্বিতীয় প্রকৌশলী চট্টগ্রামের আনোয়ারার মো. নেজাম উদ্দিন (৩২)। তার আগেই গত বৃহস্পতিবার বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি হোপ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এক পাশে কাত হয়ে আন্দামান সাগরে ডুবে গেলে নিখোঁজ হন নেজামসহ ছয়জন।
গতকাল সোমবার বিকেলে আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক গ্রামে নেজাম উদ্দিনের বাড়িতে গিয়ে দেখা গেছে স্বজনদের আহাজারি। নেজামের বাবা নুর মোহাম্মদ বলেন, ‘ছেলে বেঁচে আছে, নাকি মারা গেছে তা জানি না। গত মঙ্গলবার মাগরিবের নামাজের পর নেজামের সঙ্গে আমার শেষ কথা হয়।’
নেজামের বড় ভাই মো. ইদ্রিছ বলেন, ‘ঘটনার ছয় দিন হয়ে গেলেও এখনো সরকারের তরফ থেকে আমরা কোনো সহায়তা বা সহানুভূতিটুকুও পাইনি। আমরা আজই ভাই নিখোঁজের সঠিক খবর পাই। আমরা সরকারের সহায়তা চাই আর জীবিত বা মৃত হোক, ভাইকে চাই।’
জানা গেছে, এমভি হোপে নিখোঁজ দ্বিতীয় প্রকৌশলী নেজাম উদ্দিন কাফকো স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও বিএএফ শাহিন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে মেরিনের ওপর মৌলিক প্রশিক্ষণ ও দক্ষতা নিয়ে ২০০৭ সালে জাহাজে চাকরি নেন। পাঁচ ভাইবোনের মধ্যে নেজাম সবার ছোট। এবার বাড়ি ফিরেই তাঁর বিয়ে করার কথা ছিল। এ জন্য প্রস্তুতি হিসেবে বাজার করে রেখেছিলেন বলে জানায় নেজামের পরিবার।