বাবাকে ধরতে না পেরে ছেলেকে নির্যাতন!
মারামারির মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ। কিন্তু ওই আসামি পুলিশের সামনে দিয়েই পালিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে ওই আসামির স্কুলপড়ুয়া ছাত্রের ওপর পুলিশ নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরভোজেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই স্কুলছাত্রের নাম আরিফ বেপারী (১২)। সে চরভোজেশ্বর গ্রামের আলী আকবর বেপারীর ছেলে ও স্থানীয় শহীদ আবদুস সামাদ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আহত আরিফকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্কুলছাত্রের পরিবার জানায়, নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহম্মেদ সোমবার বিকেলে আলী আকবরকে গ্রেপ্তার করতে চরভোজেশ্বর গ্রামে যান। এ সময় আলী আকবর ট্রলার চালিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। পুলিশ ট্রলার থামাতে বললে তিনি নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যান। এ সময় আরিফও ওই ট্রলারে ছিল। একপর্যায়ে পুলিশ আরিফকে ট্রলার থামাতে বলে। কিন্তু ট্রলার থামাতে দেরি হওয়ায় পুলিশ সদস্যরা তাকে মারধর করেন। আরিফ মাটিতে পড়ে গেলে এসআই ফয়সাল ও অন্য পুলিশ সদস্যরা তাকে পদদলিত করে চলে যান। নড়িয়া থানার এসআই ফয়সাল আহম্মেদ দাবি করেন, কোনো পুলিশসদস্য আরিফকে আঘাত করেনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ফকির বলেন, কোনো পুলিশসদস্য আসামি ধরতে গিয়ে কাউকে মারেনি। আসামিপক্ষ পুলিশকে বেকায়দায় ফেলে বিশেষ সুবিধা পেতে এ রকম অভিযোগ করছে।