বাবাকে না পেয়ে ছেলেকে ধরে আনল পুলিশ!
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের সুফিগোট্টা এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই চৈতন্য চাকমা আহত হয়েছেন। হামলার আগে পিকেটাররা ওই এলাকায় চারটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। পুলিশ ওই সময় আট পিকেটারকে আটক করে। এর মধ্যে মহিউদ্দিন ফরহাদ নামের নবম শ্রেণীর এক ছাত্রও রয়েছে। মহিউদ্দিন ফরহাদের বাবা লোকমান হোসেন জানান, পিকেটিং নয়, ঘর থেকে ছেলেকে ধরে নিয়ে গেছে। সে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তিনি বলেন, ‘বিএনপি করার অপরাধে পুলিশ আমাকে ধরতে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের কদমতলী গ্রামের নিজ ঘরে হানা দেয়। আমাকে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে যায়।’ পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার হরতালের দ্বিতীয় দিনে বিএনপি-সমর্থিত পিকেটাররা সকাল সাতটায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে নেমে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের সুফিগোট্টা এলাকায় পিকেটিং করে। এ সময় সড়কে চলাচলরত চারটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। এক চালককে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। টহল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পিকেটাররা ইটপাটকেল ছুড়ে হামলা চালায়। এমনকি এসআই চৈতন্য চাকমাকে মারধর করে আহত করে। পুলিশ এ সময় আট পিকেটারকে আটক করে থানায় নিয়ে আসে। এর মধ্যে মহিউদ্দিন ফরহাদও ছিল। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মনজুর মোর্শেদ বলেন, এসআই চৈতন্য চাকমাকে চিকিত্সার জন্য রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।