বাবাকে নির্যাতন, ক্ষোভে কিশোরী মেয়ের আত্মহত্যা
চোখের সামনে বাবাকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে। এতে বাধা দিয়ে বাবাকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে না পেরে রাগে-ক্ষোভে আত্মহত্যা করেছে উমেঞ্চ কুলসুম (১৪) নামের এক কিশোরী।
গত বৃহস্পতিবার রংপুরের বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ী পলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ী পলিপাড়া গ্রামের বাসিন্দা বেলাল হোসেন (৪৩)। তিনি পেশায় কৃষক। তাঁর তিন মেয়ে ও এক ছেলে। কুলসুম মেয়েদের মধ্যে মেজো।
বেলাল হোসেন জানান, তিনি তাঁর শাশুড়ি ও শ্যালকদের কাছ থেকে কিছু জমি কেনার জন্য দীর্ঘদিন আগে তাঁদের চার লাখ টাকা দেন। কিন্তু তাঁরা কিছুতেই জমি লিখে দিচ্ছিলেন না। এ নিয়ে বৃহস্পতিবার সকালে স্ত্রী নুরাজ বেগমের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি নুরাজ বেগম মুঠোফোনে তাঁর বাবা ও ভাইদের জানান। খবর পেয়ে নুরাজ বেগমের ভাই শাহিনুর (৩৫) ও শাহাদৎ হোসেন (২৮) তাঁদের অপর দুই ভগ্নিপতি সাদিকুল (৩৮) ও নুরে আলমকে (২৫) নিয়ে বিকেলে তাঁর বাড়িতে হাজির হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলালের দুই শ্যালক ও দুই ভায়রা তাঁকে ঘর থেকে টেনেহিঁচড়ে উঠানে আনেন। পরে তাঁর হাত-পা রশি দিয়ে বেঁধে মাটিতে ফেলে বেদম পেটাতে থাকেন। চোখের সামনে এ দৃশ্য দেখে বাবাকে রক্ষার চেষ্টা করে বেলালের মেজো মেয়ে কুলসুম। কিন্তু সে বাবাকে রক্ষা করতে ব্যর্থ হয়। পরে এই কষ্টে সে বাড়িতে রাখা কীটনাশক পান করে। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। কুলসুম স্থানীয় আমরুলবাড়ী৮ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশী রওশন আলী (৩৫) অভিযোগ করেন, হামলাকারীরা বেলালকে শুধু পিটিয়েই ক্ষান্ত হননি। তাঁরা তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করেন। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁরা সটকে পড়েন।
ঘটনার রাতেই বেলাল হোসেনের সঙ্গে কথা হয়। তিনি কান্নাজড়িত কণ্ঠে এই প্রতিবেদককে বলেন, ‘আমাকে ওঁরা হাত-পাও বান্দিয়া মাটিত ফেলে মারচে। ছইলটা (কুলসুম) তাক দেখিয়া মোর বুকোত পড়ি কইচে মোর বাপোক মারেন না, ছাড়ি দেও। তাও মারচে। এইটা সহ্য করবার না পারি বাড়িত থোওয়া কীটনাশক খায়া ছইলটা মারা গেইচে। মুই ওমার বিচার চাও।’
বেলাল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, বেলাল হোসেনের হাত, মুখ, পাসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়েছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, এ ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে হামলাকারী চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।