বাবাকে নিয়েই জন্মদিনের কেক কাটতে চায় সুমাইয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজ্জাদ হোসেনের সন্ধানের দাবিতে গতকাল শহরের থানাপাড়ায় তাঁর বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় l প্রথম আলো
সাজ্জাদ হোসেনের সন্ধানের দাবিতে গতকাল শহরের থানাপাড়ায় তাঁর বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় l প্রথম আলো

‘তিন দিন পর আমাদের মেয়ে সুমাইয়া ফেরদৌসের (৬) জন্মদিন। বাবাকে নিয়ে সে জন্মদিনের কেক কাটতে চায়। আমরাও তার ফিরে আসার অপেক্ষায় আছি। এক বছর ধরে সে নিখোঁজ, জীবিত না মৃত, তা–ও জানি না।’ গতকাল রোববার কুষ্টিয়া শহরের থানাপাড়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এভাবেই স্বামীকে ফিরে পাওয়ার আকুতি জানান জান্নাতুল ফেরদৌস।
তাঁর স্বামী শেখ সাজ্জাদ হোসেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি। গত বছরের ২০ আগস্ট রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার ড্রিম স্কয়ার রিসোর্ট থেকে সাজ্জাদ হোসেন নিখোঁজ হন। তাঁর পরিবারের অভিযোগ, র‌্যাব পরিচয়ে সাজ্জাদ হোসেন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু ও রিসোর্টটির মালিককে তুলে নেওয়া হয়। কয়েক দিন পর রিসোর্ট মালিক ও আক্তারুজ্জামানকে ছেড়ে দেওয়া হয়। তবে র‌্যাব এ অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।
সংবাদ সম্মেলনে সাজ্জাদ হোসেনের বাবা তাইজাল হোসেন, ছেলে শেখ সাহেদ হোসেন, ছোট্ট মেয়ে সুমাইয়া ফেরদৌস উপস্থিত ছিল। জান্নাতুল ফেরদৌস বলেন, ‘সাজ্জাদের খোঁজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ দলের শীর্ষস্থানীয় নেতাদের দ্বারস্থ হয়েছি। সবাই আশ্বাস দেন সাজ্জাদ ফিরে আসবে। কেউ বলেন আজ আসবে, কেউ বলেন কাল আসবে। কিন্তু কেউ তার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন না।’ তিনি আরও বলেন, ‘আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে আদালতে তার বিচার হোক। সে কারাগারে থাকুক। একটা মানুষ এভাবে হারিয়ে যাবে, সেটা মেনে নেওয়া যায় না।’ স্বামীকে ফিরে পেতে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চান।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সবুজ নিখোঁজ হওয়ার এক বছর পার হতে চলল। দীর্ঘ সময়েও তাঁর সন্ধান মেলেনি। তাঁর বিষয়ে আমরাও অন্ধকারে আছি। তিনি অপরাধী হলে দেশের প্রচলিত আইনে তাঁর বিচার হতে পারত।’

গত বছরের ১৫ আগস্ট শহরের মজমপুর রেলগেট এলাকায় শোক দিবসের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় সবুজ নামের এক তরুণ নিহত হন। এতে সাজ্জাদ হোসেনকে প্রধান আসামি করে মামলা হয়। এ ঘটনার পর থেকে তিনি কুষ্টিয়া ছেড়ে যান।