বাবাকে ফাঁসি দিলে আগুন জ্বলবে: সাঈদীর ছেলের হুমকি
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর হলে সারা দেশে আগুন জ্বলবে বলে সরকারকে হুমকি দিয়েছেন তাঁর ছেলে শামীম সাঈদী।
আজ রোববার বিকেলে খুলনার সার্কিট হাউস মাঠে ১৮-দলীয় জোটের জনসভায় শামীম সাঈদী এই হুমকি দেন।
জনসভায় দেওয়া বক্তব্যের একপর্যায়ে শামীম বলেন, ‘দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় কার্যকর করা হলে সারা দেশে আগুন জ্বলবে।’
শামীম সাঈদী বলেন, ‘সরকার ষড়যন্ত্র করে শতাব্দীর নিকৃষ্টতম অভিযোগে আমার পিতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে গত সাড়ে তিন বছর ধরে কারাগারে বন্দী করে রেখেছে। শুধু বন্দী করে রেখেই ক্ষান্ত হয়নি এ জালিম সরকার। তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ও দেওয়া হয়েছে।’ তিনি হুমকি দিয়ে বলেন, সরকার ফাঁসির এই রায় কার্যকর করার মতো দুঃসাহস দেখালে এই বাংলাদেশে আগুন জ্বলবে। তাই সরকারকে ‘এমন দুঃসাহস’ না দেখানোর জন্য তিনি আহ্বান জানান।
এ সময় সরকারবিরোধী নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সভাস্থল। সাঈদীর ছবি লাগানো ব্যানার ও ফেস্টুন নেড়ে এ বক্তব্যে সমর্থন জানান সভাস্থলে উপস্থিত জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। জনসভায় উপস্থিত ১৮-দলের নেতা-কর্মীরা করতালি দিয়ে তাঁর বক্তব্যকে সমর্থন জানান।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।