বাবাকে ফিরে পেতে চায় বিছমি
‘২০০৯ সালের ২০ এপ্রিল সৌদি আরব থেকে বাবা সর্বশেষ ফোন করে বলেছিলেন, দু-একদিনের মধ্যেই তিনি দেশে ফিরে আসবেন। কিন্তু তারপর দীর্ঘ সময় চলে গেলেও বাবা আসেননি। কেউ বলেন, বাবাকে অপহরণ করা হয়েছে। কেউ বা বলেন, তিনি জেলে আছেন। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও বাবার অবস্থান সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য রাস্তায় নেমেছি। প্রধানমন্ত্রী যদি আমার বাবার সন্ধান দেন, চিরজীবন কৃতজ্ঞ থাকব।’ গতকাল সোমবার কক্সবাজারের টেকনাফ পৌরসভার প্রধান সড়কে দাঁড়িয়ে কথাগুলো বলল, স্থানীয় গুদারবিল বায়তুশ শরফ জব্বারিয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী বিছমি আক্তার (১৪)। সে পৌরসভার পুরান পল্লান পাড়ার বাসিন্দা। তার বাবার নাম আকতার চৌধুরী। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টা প্রধান সড়কে অবস্থান করে বিছমি আকতার। তার হাতে ছিল একটি ব্যানার। ব্যানারে লেখা—‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমার বাবাকে ফিরিয়ে দিন, বিছমি আকতার, টেকনাফ।’ বিছমির মা রেহেনা আকতার (৩২) জানান, ১৪ বছর আগে তাঁর স্বামী আকতার (৪২) সৌদি আরবে যান। বিছমির বয়স তখন ছিল দেড় মাস। সৌদি আরবের জেদ্দায় তিনি মাছ বিক্রি করতেন। সংসারের খরচের জন্য নিয়মিত বাড়িতে টাকা পাঠাতেন। টেলিফোনে নিয়মিত যোগাযোগও রাখতেন। ২০০৯ সালের ২০ এপ্রিল সর্বশেষ তিনি ফোন করে দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু এখন পর্যন্ত ফিরেননি। তারপর থেকে যোগাযোগও বন্ধ।