বাবাকে বাঁচাতে গিয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার গোপালপুর গ্রামে গতকাল বুধবার সকালে বাবাকে বাঁচাতে গিয়ে খুন হয়েছে এক কিশোর। এ ঘটনায় তিনজন জখম হয়েছেন। নিহত কিশোরের নাম সোলায়মান ইসলাম ওরফে জনি (১৪)। সে ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং গোপালপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
নিহতের মামা সহিদুল ইসলাম ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমি নিয়ে জনির বাবা ও ছোট চাচা নাজমুলের মধ্যে বিরোধ ছিল। গত মঙ্গলবার রাতে তাঁদের মধ্যে এ নিয়ে ঝগড়া হয়।
এর জের ধরে পরদিন সকালে নাজমুল ছুরি দিয়ে সাইফুলকে এলোপাতাড়ি কোপান। এ সময় সাইফুলের চিৎকার শুনে তাঁর ছেলে জনি, স্ত্রী কোবেরা ও ভাতিজা রনি (১৮) ছুটে আসেন। নাজমুল তাঁদেরও কুপিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। অন্যদের অবস্থার অবনতি হলে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, নাজমুল ও তাঁর ছেলে পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।