বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারিয়েছেন ছেলে। গতকাল বুধবার উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মিথুন হোসেন নামের একজনকে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম আরিফ হোসেন (৪২)। তিনি দক্ষিণ কেরোয়া গ্রামের মোহাম্মদ আলীর (৭০) ছেলে। আটক হওয়া মিথুন একই গ্রামের ছিদ্দিক উল্যার ছেলে।
নিহত আরিফের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে মোহাম্মদ আলীর সঙ্গে মিথুনদের জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল বেলা ১১টার দিকে বিরোধপূর্ণ জমিতে মিথুন কাজ করতে গেলে মোহাম্মদ আলী তাঁকে বাধা দেন। এ নিয়ে একপর্যায়ে মোহাম্মদ আলীকে মারধর করেন মিথুন। খবর পেয়ে তাঁর স্ত্রী আম্মতের নেছা ও ছেলে আরিফ ঘটনাস্থলে আসেন। এ সময় বাবাকে রক্ষা করতে গেলে আরিফকে ঘুষি মারেন মিথুন। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।